ফিফার তথ্যভাণ্ডারে চুরি, কর্মী সেজে যাবতীয় গোপন তথ্য হাতাল ‘হ্যান্ডসম বয়’রা

চুরিটা হয়েছিল দিনকয়েক আগেই। অবশেষে সেটা স্বীকার করে নিল ফিফা। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা মেনে নিল তাঁদের গোপন তথ্যভাণ্ডারে অপরাধমূলক সাইবার হানা হয়েছে (Cyber Attack at FIFA)। প্রায় ১২ জিবি গোপন তথ্য উধাও। যদিও ফিফার দাবি, সাইবার হানায় বিরাট ক্ষতি কিছু হয়নি। মোটে ০.১ শতাংশ তথ্য চুরি গিয়েছে।
দিন কয়েক আগেই ‘হ্যান্ডসম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি সাইবার হ্যাকিং গ্রুপ দাবি করেছিল তাঁরা ফিফার তথ্য ভাণ্ডারে হানা দিয়েছে। বহু গোপন নথির স্ক্রিনশটও সোশাল মিডিয়ায় পোস্ট করে ওই গ্রুপ। তবে ফিফা সরকারিভাবে ওই সাইবার হানার কথা মানতে চাইছিল না। অবশেষে বৃহস্পতিবার একপ্রার বাধ্য হয়েই ফিফার তরফে চুরির কথা স্বীকার করা হয়। জিয়ান্নি ইনফান্তিনোর সংস্থা বিবৃতি দিয়ে মেনে নেয় যে, “ফিফা অপরাধমূলক সাইবার প্রতারণার শিকার হয়েছে। ফলে হ্যাকারেরা কিছু ব্যক্তিগত এবং বাণিজ্যিক তথ্য লোপাট করে ফেলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন বিভাগের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে ফিফা।”
জানা গিয়েছে, ওই হ্যাকিংয়ের নেপথ্যে ‘হ্যান্ডসম বয় হ্যাকিং ক্লাব’ আর্থিক লাভের আশায় ওই কাণ্ড ঘটিয়েছে। সব মিলিয়ে ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। পরিচয়পত্র, অভিবাসন নথি, শীর্ষ কর্তাদের তথ্য, আর্থিক ও আইনি কাগজপত্র থেকে অভ্যন্তরীণ প্রশাসনিক নথি ও স্ক্রিনশট! জানা গিয়েছে সাধারণ কর্মী সেজেই হ্যাকাররা হানা দিয়েছিল ফিফার তথ্য ভাণ্ডারে। এত বড় সংস্থায় এভাবে সাইবার হানা ফিফার তথ্য নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
যদিও ফিফার দাবি, সব মিলিয়ে মোট তথ্যভাণ্ডারের মাত্র ০.১ শতাংশ খোয়া গিয়েছে। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রি করে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় তথ্য সুরক্ষিত। ফিফা জানিয়েছে, সিস্টেম বা প্রযুক্তিগত ব্যর্থতার জন্য এই চুরি হয়নি। বরং ফিফার এক কর্মীর নাম কাজে লাগিয়ে হ্যাকারেরা তথ্য হাতিয়ে নিয়েছে।
শেয়ার
লিংক



