‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৭-কে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে রোহিত শর্মার প্রত্যাবর্তন ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। দীর্ঘ তিন বছর পর ফের দলের নেতৃত্বের দায়িত্ব ফিরে পেয়েছেন পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক। আর রোহিতের প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। তাঁর এক লাইনের বার্তাতেই মুম্বই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যপক চর্চা।
শুক্রবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রোহিত শর্মাকে আইপিএল ২০২৭-এর জন্য দলের অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ঘোষণার পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সূর্যকুমার। প্রথমে রোহিতের প্রত্যাবর্তনের খবর শেয়ার করে নীল রঙের হার্টের একটি ইমোজি দেন । এরপর আরও একটি স্টোরিতে লেখেন, ‘Leader. Brother. Mentor. Paltan, kursi ki peti baandh lo!’ অর্থাৎ, নেতা, ভাই ও পরামর্শদাতা রোহিতের নেতৃত্বে এবার সকলকে তৈরি হয়ে যাওয়ার বার্তা দিলেন সূর্যকুমার। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, রোহিতের প্রত্যাবর্তনকে খুশি মনেই স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, হার্দিক পাণ্ড্যে পঞ্জাব কিংসে যোগ দেওয়ার পরই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে জল্পনা শুরু হয়। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং তিলক বর্মার মতো ক্রিকেটারদের নামও সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা রেখেছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। ২০১৩ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান রোহিত। তাঁর নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। ২০২৪ সালে তাঁর পরিবর্তে হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। এবার তিন বছর পর ফের পুরনো অধিনায়কের হাতে ফিরল দলের ব্যাটন। এবার দেখার পালা পুরনো অধিনায়কের হাত ধরে ষষ্ঠবার আইপিএল ট্রফি ঘরে তুলতে পারে কি না মুম্বই।
The post ‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



