বিশেষ অধিবেশনে সীমানা পুনর্বিন্যাস বিল পাশ হলে গণতন্ত্রের পিঠে ছুরি মারা হবে: শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ২৮ নভেম্বর : সংসদের প্রচলিত শীতকালীন অধিবেশন এড়িয়ে শুধুমাত্র সীমানা পুনর্বিন্যাস বিল পাশ করানোর উদ্দেশ্যে বিশেষ অধিবেশন ডাকার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গোষ্ঠী। শনিবার দলের মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে অভিযোগ করা হয়েছে, এই বিলের মাধ্যমে উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য স্থায়ী করার পরিকল্পনা করছে কেন্দ্র। এর ফলে মহারাষ্ট্র বা দক্ষিণ ভারত থেকে ভবিষ্যতে কোনও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও কার্যত বাধাগ্রস্ত হতে পারে।
সম্পাদকীয়তে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সামাজিক মাধ্যমে বিশেষ অধিবেশন ডাকার ঘোষণা দিয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে ৩০ নভেম্বর এবং রাজ্যসভার চেয়ারম্যানকে ২ ডিসেম্বর অধিবেশন আহ্বানের অনুরোধ জানান। অথচ এই বিষয়ে বিরোধী দলনেতা কিংবা সংসদের অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছে ঠাকরে শিবির।
সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পর ১০০ দিনেরও বেশি সময় কেটে গেলেও সরকার ইচ্ছাকৃতভাবে সংসদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেনি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর স্বল্প সময়ের নোটিশে বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রাখতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে।
গত ১৭ এপ্রিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিলটি পাশ করাতে ব্যর্থ হয়েছিল সরকার। কিন্তু এবার কীভাবে শাসকপক্ষ অতিরিক্ত সমর্থন জোগাড় করল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শিবসেনা (ইউবিটি)।
বিশেষ করে তামিলনাড়ুর ডিএমকে এবং মহারাষ্ট্রের এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) বিলের পক্ষে ভোট দিতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সম্পাদকীয়তে। তাদের মতে, এই বিলকে সমর্থন করলে দল দু’টির দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শ ও অবস্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, কংগ্রেসের সঙ্গে সাম্প্রতিক মতপার্থক্যের কারণে ডিএমকে ইন্ডিয়া জোট থেকে কিছুটা দূরত্ব তৈরি করলেও বিজেপির সঙ্গে সমঝোতা করলে দলের ২৮ জন সাংসদকে ঘিরে জনসমর্থনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-এর আটজন সাংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। দলের অভিযোগ, দল ভাঙানোর হুমকি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার ভয় দেখিয়ে সাংসদদের উপর চাপ সৃষ্টি করা হতে পারে। ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন মোহন রেড্ডির বিরুদ্ধে ইডি ও সিবিআইয়ের চলমান মামলার প্রসঙ্গও টেনে আনা হয়েছে সম্পাদকীয়তে।
এছাড়া চন্দ্রশেখর আজাদ এবং এআইএমআইএমকে নিয়ে গঠিত কথিত তৃতীয় ফ্রন্টকেও নিশানা করেছে ঠাকরে শিবির। তাদের অভিযোগ, এই গোষ্ঠী প্রায়শই বিজেপির স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে।
প্রস্তাবিত বিলের মাধ্যমে জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা ৮৫০-এ উন্নীত করার পরিকল্পনা নিয়েও আপত্তি জানিয়েছে শিবসেনা (ইউবিটি)। তাদের দাবি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে উত্তর ভারতের রাজ্যগুলি বেশি আসন পাবে। অন্যদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল কেরল ও তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলি তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সম্পাদকীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকারকে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের রাজনৈতিক হিসাব-নিকাশে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ করা হয়েছে। মূল্যবৃদ্ধি, সীমান্ত উত্তেজনা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মহারাষ্ট্রের তীব্র খরার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
শিবসেনা (ইউবিটি)-র অভিযোগ, সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে ক্ষমতার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি পাশ হলে ক্ষমতা ধরে রাখার স্বার্থে গণতন্ত্রের পিঠে ছুরি মারার ঘটনা হিসেবেই তা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে সতর্ক করেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন দল।



