Daisy Shah: ‘না বলার পর ভেবেছিলাম’, সলমনের বিরুদ্ধে এই সাহস কীভাবে জুগিয়েছিলেন ডেইজি?

ডেইজি শাহ ২০০০-এর দশকের গোড়া থেকেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও, প্রকৃত অর্থে তিনি পরিচিতি পান ২০১৪ সালের ছবি ‘জয় হো’-তে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। তবে অনেকেই জানেন না, এটিই ছিল না সালমানের সঙ্গে কাজের প্রথম প্রস্তাব। এর আগে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বডিগার্ড’ ছবিতেও তাঁকে একটি চরিত্রের অফার দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন।
অভিনয়ে পূর্ণসময়ের যাত্রা শুরু করার আগে ডেইজি কাজ করতেন খ্যাতনামা কোরিওগ্রাফার, গণেশ আচার্যের সহকারী হিসেবে। Bollywood Hungama-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “সহকারী কোরিওগ্রাফার হিসেবে আমি প্রতিদিন ৫,০০০ টাকা পারিশ্রমিক পেতাম। কখনও মাসে দশ দিন শুটিং হতো, কখনও আবার পুরো ত্রিশ দিনই কাজ থাকত।” এই অভিজ্ঞতাই তাঁকে ইন্ডাস্ট্রির ভিতরকার কাজকর্ম কাছ থেকে বুঝতে সাহায্য করে।
Priyanka Chopra: ২৭ সপ্তাহে জন্ম, ১১০ দিন এনআইসিইউতে, মালতীর জন্য ঈশ্বরের সামনে ডুকরে কেঁদে উঠেছিলেন প্রিয়াঙ্কা
২০০১ সাল থেকে সক্রিয় ডেইজি প্রথমে কন্নড় সিনেমায় অভিনয় করে নিজের ভাগ্য পরীক্ষা করেন। পাশাপাশি বিভিন্ন গানে বিশেষ উপস্থিতিও ছিল তাঁর। এই সময়েই ‘দাবাং’ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। সেখানেই প্রথমবার সালমান খানের সঙ্গে তাঁর আলাপ। ডেইজি বলেন, “আমি কখনও ‘বডিগার্ড’-এর জন্য অডিশন দিইনি। আমি ‘জয় হো’-র জন্য অডিশন দিয়েছিলাম। তখন আমি দক্ষিণী একটি ছবিতে কাজ করছিলাম, আর অবসর সময়ে গণেশজিকে সাহায্য করতাম। ‘দাবাং’-এর শুটিংয়ে গিয়েই সালমান স্যারের সঙ্গে পরিচয়।”
কথোপকথনের এক পর্যায়ে তিনি সালমানকে জানান যে তিনি দক্ষিণী ছবিতে অভিনয় করছেন। সে সময় ‘বডিগার্ড’-এর কাস্টিং চলছিল এবং শেষ পর্যন্ত হ্যাজেল কিচ অভিনীত যে চরিত্রটি ছিল, সেটিই তাঁকে অফার করা হয়। কিন্তু ডেইজি তা প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, “আমি যদি সালমান খানের সঙ্গে কাজ করি, তবে এমন চরিত্রেই করতে চাই যেখানে আমার উপস্থিতি স্পষ্ট থাকবে। আমি নাচের পটভূমি থেকে এসেছি, তাই এমন ভূমিকা চেয়েছিলাম, যেখানে অন্তত আমার নাচটা ফুটে উঠবে।”
Dev-North Bengal: উত্তরবঙ্গে দেবকে দেখতে লাগামছাড়া ভিড়! পরিস্থিতি সামলাতে তৎপর অভিনেতা
Bollywood Now-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, “না বলার পর মনে হয়েছিল, ‘এবার আমার পাতা মনে হয় কেটে গেল।’ সবাই তো সালমান খানকে না বলতে ভয় পায়। আমিও ভেবেছিলাম সুযোগটা হয়তো আর আসবে না।”
তবে প্রায় দেড় বছর পর সালমান নিজেই তাঁকে ‘জয় হো’-র জন্য অডিশনের ডাক দেন। ডেইজি অডিশনে সফল হন এবং ছবিতে মুখ্য চরিত্রে সুযোগ পান। সমালোচনায় মিশ্র প্রতিক্রিয়া পেলেও ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়, প্রায় ১৯০ কোটি টাকার ব্যবসা করে। আর সেখান থেকেই ডেইজি শাহের বলিউড যাত্রা নতুন গতি পায়।



