ভোট চুরি হয়েছে! নির্বাচনে হেরে রাহুল গান্ধীর মতোই ‘অজুহাত’ ট্রাম্প-নেতানিয়াহুদের

বিরোধীদের দৌলতে ‘ভোটচুরি’র সঙ্গে ভারতবাসী ভালোরকম পরিচিত। লোকসভা হোক বা বিধানসভা-প্রত্যেকবার ভোটের পরেই অভিযোগের আঙুল ওঠে নির্বাচন কমিশন, ইভিএম, ভিভিপ্যাট ইত্যাদি নিয়ে। তবে এবার ভারত নয়, বিশ্বের নানা দেশেই দেখা যাচ্ছে ভোটচুরির তত্ত্ব। কয়েকদিন আগে ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন এই কথা। এবার একই সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কণ্ঠে।
দিনকয়েক আগেই আমেরিকার মিড টার্ম নির্বাচনে ভরাডুবি হয়েছে ট্রাম্পের দল রিপাবলিকানদের। মার্কিন সংসদের দুই কক্ষই ট্রাম্পের হাতছাড়া হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি এসব নিয়ে ভাবিত নন। কারণ ব্যালটে তাঁর মুখ ছিল না বলে আমজনতা ভোট দেননি। কিন্তু কয়েকদিন পরেই ভোট চুরি হয়েছে বলে সুর চড়ালেন তিনি। সোমবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছেন, ‘আপনারা কেউ বিশ্বাস করেন যে এই নির্বাচনটা সৎভাবে হয়েছে? আমার মনে হয় এগুলো মেশিনের কারসাজি, ভোটারদের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা।’
প্রসঙ্গত, কয়েকদিন আগে ইহুদি আবেগে শান দিয়েও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাননি নেতানিয়াহু। তাঁর প্রবল প্রতিপক্ষ গাদি আইজেনকোট সুযোগ পেয়েছেন সরকার গঠনের। কুর্সি হাতছাড়া হওয়ার পর নেতানিয়াহুও আঙুল তুলেছিলেন ভোট প্রক্রিয়ার দিকেই। বলেছিলেন, ভোটগ্রহণ প্রক্রিয়ায় আরব দলগুলি কারচুপি করেছে। ঘুষ, হিংসা, হুমকি, ছাপ্পা ভোট, ভুয়ো নথির ব্যবহার হয়েছে বলেও নেতানিয়াহু দাবি করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়। যদিও শেষ পর্যন্ত ভোটচুরির প্রমাণ মেলেনি।
প্রথমে মিড টার্ম নির্বাচনের ফল নিয়ে মাথা না ঘামালেও ধীরে ধীরে এই নিয়ে একের পর এক মন্তব্য করছেন ট্রাম্প। বলেছেন, ‘নির্বাচনের ফলাফল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অধঃপতন। এমনকী ট্রাম্পের অধীনে রকেট গতিতে ছুটতে থাকা শেয়ারবাজারও একদিনে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।’ যদিও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কামব্যাক করবেন বলে আশাবাদী তিনি। কিন্তু আমেরিকার নিয়ম অনুযায়ী, কেউই তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হতে পারেন না। ফলে ট্রাম্পের কামব্যাক ঠিক কীভাবে সম্ভব, সেই নিয়ে সংশয় রয়েছে।
শেয়ার
লিংক



