0%

অন্নপূর্ণা যোজনার টাকায় মন্দির পুনর্নিমাণ! অভিনব উদ্যোগ তেহট্টের ৪০ মহিলার

SOBDIK NEWS: রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। এবার মন্দির পুনর্নিমাণের জন্য সেই অন্নপূর্ণা যোজনার টাকা অনুদান হিসেবে দিলেন তেহট্টের ৪০ জন মহিলা। আগামীদিনেও এই প্রকল্পের টাকা মন্দির কমিটির হাতে তুলে দেওয়ার কথা তাঁরা জানিয়েছেন।

অন্নপূর্ণা যোজনার টাকায় অভিনব উদ্যোগ | (Annapurna Yojana)

নদিয়ার তেহট্টের মহিষবাথান সাহাপাড়া এলাকায় দীর্ঘদিনের বারোয়ারী কালীমন্দির রয়েছে। জাতীয় সড়কের ধারে অবস্থিত এই মন্দিরে সাহাপাড়া যুবগোষ্ঠীর শ্যামাপুজোও হয়। তবে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলে এই প্রাচীন কালীমন্দির ভাঙতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

এই পরিস্থিতিতে নতুন মন্দির তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্রামের মহিলারা। জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে মন্দির ভাঙা পড়লে নতুন মন্দির তৈরির জন্য অন্নপূর্ণা যোজনার টাকা কমিটির হাতে তুলে দিয়েছেন গ্রামের ৪০ জন মহিলা। মন্দির পুনর্নিমাণের জন্য আগামীদিনেও এই প্রকল্পের অনুদানের টাকা কমিটির হাতে তুলে দেবেন বলে তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ মদ্যপ চালকদের ক্ষেত্রে আর অপেক্ষা নয়! ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ও মন্দির রক্ষা, দুই-ই চান স্থানীয়রা। সেই কারণে প্রায় ৪০ জন গৃহবধূ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা মন্দির কমিটির হাতে তুলে দিয়েছেন। তাঁরা জানান, রাজ্য সরকারের দেওয়া এই আর্থিক সহায়তা মন্দির তৈরির কাজে লাগাতে পেরে আনন্দ হচ্ছে।

মন্দির পুনর্নিমাণের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক গৃহবধূ দেবী প্রতিমার সামনে স্বেচ্ছায় রক্তদান করেন। এক গৃহবধূ জানান, মুমূর্ষু রোগীর কাজে আসবে বলে রক্তদান করেছেন।

এই বিষয়ে মহারাজ সাহা নামে সাহাপাড়া যুবগোষ্ঠীর এক সদস্য বলেন, “আমাদের রক্তদান উৎসবের এবার তিন বছর হল। এবারের বিশেষ আকর্ষণ মায়েদের এই অবদান। আমরা জাতীয় সড়ক সম্প্রসারণকে স্বাগত জানাই। মন্দিরটি ভাঙা পড়লে নতুন মন্দির নির্মাণের জন্য মায়েরা নিজেদের অন্নপূর্ণা যোজনার টাকা তুলে দিয়েছেন।“

অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে এই বছর রাজ্যের নানা প্রান্তে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হয়েছে। এবার মন্দির পুনর্নিমাণের জন্য ৩ হাজার টাকা করে অনুদান দিলেন গ্রামের মহিলারা। প্রয়োজনে আগামীদিনেও টাকা দেবেন বলে জানিয়েছেন তাঁরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker