‘ফলোঅন করাতে পারত’, আরেকবার রো-কো’র ব্যাটিং দেখতে চেয়ে টিম ইন্ডিয়াকে খোঁচা গাভাসকরের

মাত্র ৮৯ রানে অলআউট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। চতুর্থ ওয়ানডেতে ২৪৪ রানে হেরেছে শ্রেয়স আইয়ারের দল। চরম ব্যর্থ রোহিত শর্মা-বিরাট কোহলি। তারপর ভারতীয় ব্যাটিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকর। প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য, ভারতের ফলোঅন পাওয়া উচিত ছিল। তাহলে অন্তত রোহিত-কোহলি আরেকবার ব্যাট করার সুযোগ পেত।
বে ওভালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৩৩৪ রানের লক্ষ্য দেয়। জবাবে ভারতীয় ব্যাটিং যে তাসের ঘরের মত ভেঙে পড়বে, তা কেউ বুঝতে পারেনি। রোহিত, কোহলি ও শ্রেয়স, তিনজনই শূন্য রানে আউট। ভারতের ওয়ানডে ম্যাচে এখন রো-কো’র খেলা নিয়ে আলাদা উন্মাদনা থাকে। এমনকী অনেকে তো শুধু দুই মহাতারকারই ব্যাটিং দেখতে চান। সেটা নিয়ে খোঁচা দিতেও ছাড়লেন না সানি।
তিনি বলেন, “ওরা ২৪৪ রানে জিতেছি। এটা বিরাট জয়। আমরা তো ঘরের ভিতরে বসে এই নিয়ে মজা করছিলাম। নিউজিল্যান্ডের উচিত ছিল ভারতকে ফলোঅন করানো। তাতে অন্তত রোহিত-বিরাট আরেকবার ব্যাট করার সুযোগ পেত। যাই হোক, এখনও একটা ম্যাচ বাকি আছে।”
গাভাসকরের সংযোজন, “নিউজিল্যান্ডের বোলিং নিঃসন্দেহে দারুণ হয়েছে। বিশেষ করে ম্যাট হেনরি লাইন-লেংথ মেনে বল করছিল। বাড়তি বাউন্স পেয়েছে, বল সুইং হচ্ছিল। ব্যাট করা সহজ ছিল না। শ্রেয়স তো বলল, ‘কেউ উইকেট ছুড়ে দিয়ে আসেনি।’ আসলে প্রত্যেকেই ভালো বলে আউট হয়েছে। অনেকসময় তা হয়।” রোহিতের আউটের ভঙ্গির সঙ্গে কপিল দেবের বোলিংয়ের মিল খুঁজে পাচ্ছেন গাভাসকর। তিনি বলেন, “ও পুরো ধরাশায়ী হয়ে গিয়েছিল। কপিল এরকম বল করত। কেরিয়ারের প্রথম দিকে আউটসুইংয়ে বড় বড় খেলোয়াড়কে আউট করে দিতে পারত। আর সেটা প্রথম বলেই।”
শেয়ার
লিংক



