‘ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রয়োজন নেই’, ভান্সকে ঘরোয়া সমস্যায় নজর দেওয়ার পরামর্শ ট্রাম্পের

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শোচনীয় হারের পরে বদলাচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপট। শুক্রবার তেহরান দাবি করে, বাহরিনে মার্কিন রেডারকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এরপর কি পালটা হামলা হামলা চালাবে ওয়াশিংটন? এমন জল্পনার মধ্যেই জানা গিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বদলে ঘরোয়া রাজনীতিতে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। তবে কি যুদ্ধ থেকে সরে আসতে চাইছে ‘নতুন’ আমেরিকা?
আলজাজিরা-সহ একাধিক সংবাদসংস্থার দাবি, ইরান যুদ্ধের মার্কিন পক্ষের মধ্যস্থতাকারী ভান্সকে শান্তি আলোচনা থেকে সরে আসতে বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে যুদ্ধে ইতি টানতে ওয়াশিংটন নতুন করে আর কোনও শান্তিচুক্তি করবে না। এইসঙ্গে ভান্সকে ঘরোয়া সমস্যায় নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানের সঙ্গে আমাদের আর কোনও চুক্তির প্রয়োজন নেই। আমরা তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার, পেয়ে গিয়েছি, আর তাদের প্রণালীও এখন আমাদের দখলে!” এই অবস্থায় ভান্সকে মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ—আমেরিকার ডেমোক্র্যাট-শাসিত শহর ও প্রদেশগুলিতে ‘লাগামহীন দুর্নীতি ও অপরাধের দিকে সম্পূর্ণ ও সর্বাত্মক মনোযোগ’ দিন।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ডেমোক্র্যাটদের কাছেই হারতে হয়েছে মার্কিন ধনকুবেরকে। এই অবস্থায় অভ্যন্তরীণ রাজনীতিতে মন দিতে চাইছেন রিপাবলিকান নেতা তথা মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবারই হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পাকিস্তানের পর ইরানযুদ্ধে মধ্যস্থতা করতে রাজি হয়েছিল কাতার। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য দেশটির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আলোচনা খানিক এগিয়েও নিয়েছিলেন। যদিও এদিন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, “এই মুহূর্তে, সামরিক পদক্ষেপ করা খুব একটা জরুরি বলে মনে হচ্ছে না, তবে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
একদিকে ট্রাম্প যখন হুমকি, হুঁশিয়ারি, সামরিক পদক্ষেপ থেকে সাময়িকভাবে সরে আসছেন, তখন আস্ফালন করছে ইরান। ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-র ডেপুটি-কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি শুক্রবার বলেন, ‘‘কোনও দেশে আমেরিকা সামরিক ঘাঁটি বানালে সেই দেশের নিরাপত্তা নিশ্চিত হবে বলে যে ধারণা প্রচলিত ছিল, তা শেষ হয়ে গিয়েছে।’’ ইজাদি যোগ করেন, ‘‘এখন আমেরিকা কাগুজে বাঘ।’’
শেয়ার
লিংক



