0%

‘ভার‍ত এক কোণে পড়ে থাকে’, বিদেশে ফের বেলাগাম রাহুল, ‘পাক ফ্যান বয়’ তোপ বিজেপির

বিদেশে বসে দেশের নিন্দা! ফের পরিচিত অভিযোগ উঠল রাহুল গান্ধীর বিরুদ্ধে। আপাতত তিনি রয়েছেন আমেরিকা সফরে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন এবং সেই মন্তব্য ঘিরেই আবার উঠছে বিতর্কের ঝড়। রাহুলের কথায়, আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন গুরুত্বহীন। বরং পাকিস্তান এখন আমেরিকা এবং ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। এই মন্তব্যের পালটা তুলোধোনা করেছে বিজেপিও। রাহুলকে পাকিস্তানের ‘ফ্যানবয়’ তোপ দেগেছে গেরুয়া শিবির।

লোকসভার বিরোধী দলনেতা শিকাগো বিশ্ববিদ্যালয়ে বসে বলেছেন, “ভূরাজনৈতিক বিষয়ে ভারত বরাবরই খুব সচেতন। নানা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। যেহেতু ভারত এত বড় দেশ, সেকারণেই সমস্ত আন্তর্জাতিক আলোচনায় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কিন্তু সত্যি কথা বলতে, ভারত এখন এক কোণায় পড়ে রয়েছে। অন্য়দিকে পাকিস্তান কিন্তু ইরান আর আমেরিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত।” সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, “উনি সকলকেই নিজের বন্ধু বলে দাবি করেন। কিন্তু ভূরাজনীতিতে বন্ধুত্ব দিয়ে কিছুই হয় না। কেউ বন্ধুত্বকে পাত্তা দেয় না।”

রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপি মুখপাত্র সিআর কেশবন তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাঁর কথায়, ‘লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেখে মনে হয় পাকিস্তানের চিয়ারলিডার। তিনি পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তিনি যে কতটা অজ্ঞ সেটা বোঝা যায় এই মন্তব্যগুলি থেকে।’ বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও তোপ দেগে বলেছেন, ‘রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এত মাথা ঘামান কেন? আন্তর্জাতিক মঞ্চে গেলেই তিনি পাক ফ্যানবয়ের মতো আচরণ করেন।’

উল্লেখ্য, মার্কিন মুলুকে বসে ভোটচুরি নিয়ে ফের বিস্ফোরক দাবিও করেছেন রাহুল। তাঁর কথায়, ২০১৪ সালে বিজেপি যখন প্রথমবার ক্ষমতায় এল সেবারও ভোটচুরি হয়েছে। শুধু দলের চাপে তিনি প্রকাশ্যে কিছু বলতে পারেননি। ২০২৪ সালে যে বিশাল ব্যবধানে বিজেপি জিতেছিল, সেটা নিয়ে কংগ্রেসের অন্দরেও প্রশ্ন ওঠে। তাৎপর্যপূর্ণভাবে রাহুল দাবি করেছেন, প্রমাণ হাতে পাওয়ার পরও সেসময় তিনি ভোটচুরির অভিযোগ করতে পারেননি। কারণ দলেরই সিনিয়র নেতারা তাঁর উপর চাপ দেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker