0%

নড়াইলে বিএনপি নেতাদের হত্যার পর উত্তেজনা, আগুনে পুড়ল ৫০টিরও বেশি বাড়ি ও দোকান

 

ঢাকা, ২১ নভেম্বর: বাংলাদেশের নড়াইল জেলার কালিয়ায় দুই বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার জেরে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে ৫০টিরও বেশি বাড়ি এবং বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত সম্পত্তির মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়িও রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল প্রায় ৪টের সময় আগুন লাগার খবর পান তাঁরা। তবে গ্রামের প্রবেশপথে রাস্তার উপর গাছ ফেলে রাখায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে বাধার মুখে পড়ে। শেষ পর্যন্ত রাত প্রায় ৮টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। ততক্ষণে অধিকাংশ আগুন নিভে গিয়েছিল।

হুমায়ুন কবিরের দাবি, অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টিরও বেশি বসতবাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। পাশাপাশি বারদিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়ি ছাড়াও দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীর বাড়ি রয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন কালিয়া উপজেলার নির্বাহী আধিকারিক (ইউএনও) মহম্মদ জিন্নাতুল ইসলাম। তিনি জানান, খবর পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং বেশ কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখতে পান তাঁরা। প্রাক্তন সাংসদের পৈতৃক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। নড়াইলের পুলিশ সুপার মহম্মদ আল মামুন সিকদার শনিবার জানান, ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কালিয়ায় বিএনপির একটি মিছিলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। আওয়ামী লীগ সদস্যদের কথিত হিংসার প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরা ওই মিছিলের আয়োজন করেছিলেন। বেন্দারচর এলাকায় মিছিলটি আক্রান্ত হলে তিনজন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলও।

আহতদের মধ্যে কালিয়া পৌরসভার কৃষক দলের সদস্য সচিব ৪৫ বছর বয়সি শাহিনুর মোল্লা এবং কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক ৩৫ বছর বয়সি সোহেল মোল্লার মৃত্যু হয়। চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের সদস্যরাই ওই মিছিলে হামলা চালিয়েছিলেন। দুই নেতার মৃত্যুর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker