0%

ডার্বির আগে আইএসএলে সামনে চার্চিল, ফিরছেন জেমি, মিগুয়েলকে ছাড়াই নামবে মোহনবাগান

ভাবা গিয়েছিল মাঝের বিরতিতে পুরো সুস্থ হয়ে উঠবেন আপুইয়া ও মিগুয়েল। চার্চিল ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন ঘটবে মোহনবাগানের (Mohun Bagan) দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের। আপুইয়া সুস্থ। কিন্তু মিগুয়েলকে নিয়ে রবিবারের চার্চিল ম্যাচে ঝুঁকি নিতে চান না মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। তবে চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন আক্রমণভাগের সেরা অস্ত্র জেমি ম্যাকলারেন। চার্চিলের বিরুদ্ধে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। যা বোঝায়, দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অজি ফুটবলার ফের গোল করতে কতটা মুখিয়ে।

শুক্রবার দিলেমপেরিস সরাসরি জানিয়ে দিলেন, মিগুয়েলকে তিনি আরও কয়েকটা দিন বিশ্রাম দিতে চান। তবে আগামী সপ্তাহের মধ্যেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার যে একশো শতাংশ ফিট হয়ে উঠবেন, তেমনটাই আশা করছেন তিনি। এদিন মোহনাবাগান কোচ মিগুয়েল প্রসঙ্গে বলেন, “চার্চিল ম্যাচে ও খেলবে না। আসলে কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না। আমার বিশ্বাস আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ওকে একশো শতাংশ ফিট পাব।” আগামী সপ্তাহে যদি মিগুয়েল পুরো ফিট হয়ে যান, তাহলে প্রথম লেগের ডার্বিতে তিনি ফিরছেন বলা যেতে পারে।

আরও একটি বিষয় ভাবাতে পারে মোহনবাগান কোচকে। আলবার্তো রডরিগেজের তিনটি হলুদ কার্ড দেখা। চার্চিল ম্যাচে যদি আরও একটি হলুদ কার্ড দেখেন স্পেনীয় ডিফেন্ডার, তাহলে ডার্বিতে পাওয়া যাবে না তাঁকে। এমন পরিস্থিতিতে লিগ টেবিলের নিচের দিকে থাকা চার্চিলের বিরুদ্ধে প্যানাজিওটিস কি বিশ্রাম দেবেন আলবার্তোকে? জবাবে গ্রিক কোচ বললেন, “এই মুহূর্তে আমার মাথায় শুধুই চার্চিল ম্যাচ। অন্য কোনও ম্যাচ নিয়ে ভাবছি না।” যা ইঙ্গিত দিলেন বাগান কোচ, তাতে আশা করা যায় রবিবার রক্ষণে থাকবেন আলবার্তো।

মোহনবাগান কোচ এটুকু অন্তত ভালো ভাবেই জানেন, ডার্বির আগে অতিরিক্ত ঝুঁকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটে যদি চার্চিল ম্যাচে খারাপ ফল করে টিম, তাহলে চাপ বাড়বে। ফিফা ফ্রেন্ডলির জন্য দীর্ঘ বিরতিটা ম্যাকলারেনদের চোট সারাতে কাজে লেগেছে বলে মনে করছেন দিলেমপেরিস। বলছিলেন, “এই বিরতিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। চোটের সমস্যায় থাকা বেশ কয়েকজন ফুটবলারকে সুস্থ করে তোলার সুযোগ পেয়েছি। আপুইয়া সুস্থ হয়ে উঠেছে। পাশাপাশি দীর্ঘদিন চোট নিয়ে খেলে যাওয়া এরউইনকে সুস্থ করে তোলা গিয়েছে। মিগুয়েলকেও অনেকটা সুস্থ।” ম্যাকলারেনের ফিরে আসাটা ইতিবাচক দিক হিসাবে দেখছেন দিলেমপেরিস। গত কয়েকটি ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করতে পারলেও তা থেকে ধারাবাহিকভাবে গোল করতে ব্যর্থ হয়েছে মোহনবাগান। এমন পরিস্থিতিতে ম্যাকলারেনের ফিরে আসাটা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে মনে করছেন মোহনবাগান কোচ।

সাফে সর্বোচ্চ স্কোরারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা হয়েছেন সুহেল ভাট। যদিও মোহনবাগানের তারকা খচিত আক্রমণভাগে ধারাবাহিকভাবে কতটা সুযোগ পাবেন সেটা প্রশ্নই থাকছে। তবে দিলেমপেরিস আশ্বাস দিচ্ছেন, তরুণ ফুটবলারকে সুযোগ দেওয়ার। তিনি বলেন, “ও আমাদের দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। আমার কোচিংয়ে ও অন্য অনেক ফুটবলারের চেয়ে বেশি সুযোগ পেয়েছে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker