পরিস্থিতি নয়, নিজের প্রচেষ্টাই ভবিষ্যৎ নির্ধারণ করবে: পড়ুয়াদের বার্তা রাজনাথ সিংয়ের

লখনউ, ২২ নভেম্বর : প্রতিকূল পরিস্থিতি নয়, বরং নিজের প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমই ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ব্যর্থতা বা সীমাবদ্ধতায় ভেঙে না পড়ে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। রবিবার লখনউয়ের বাবু বনরসি দাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে এই বার্তাই দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, জীবনে ব্যর্থতা ও সীমাবদ্ধতা উন্নতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলিকে ভয় না পেয়ে বরং শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি পড়ুয়াদের প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ না করার পরামর্শ দেন।
রাজনাথ সিং বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজের ধরনকে আমূল বদলে দিয়েছে। তাই তরুণ প্রজন্মকে নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।
এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনার উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, একবার বারাণসীতে স্বামী বিবেকানন্দের পিছনে একদল বাঁদর তাড়া করেছিল। তিনি যত এগিয়ে যাচ্ছিলেন, বাঁদরের দলও ততই তাঁকে অনুসরণ করছিল। কিন্তু তিনি যখন পিছন ফিরে তাদের মোকাবিলা করেন, তখন বাঁদরের দল পালিয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজনাথ সিং বলেন, চ্যালেঞ্জের মুখোমুখি হলে পালিয়ে না গিয়ে সাহসের সঙ্গে তার মোকাবিলা করা উচিত।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের লক্ষ্য ও স্বপ্নই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই পড়ুয়াদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রসঙ্গ তুলে রাজনাথ সিং বলেন, তরুণদের প্রতিভাকে সঠিক পথে কাজে লাগানো এবং তাঁদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করতে সরকার নিরন্তর কাজ করে চলেছে।
আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানান তিনি। তাঁর মতে, আধুনিকতা এবং ঐতিহ্য পরস্পরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকা উন্নতির পথে বাধা নয়, বরং তা এগিয়ে যাওয়ার শক্ত ভিত তৈরি করে। শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই আধুনিকতাকে গ্রহণ করার মধ্যে প্রকৃত শক্তি নিহিত রয়েছে।
— আইএএনএস



