0%

ফের ডিআরএস নাটক! বুমরাহর পর এবার বঙ্গ পেসারের কথা শুনলেন না শুভমান, ভাইরাল ভিডিও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে ডিআরএস নেওয়া নিয়ে বারবার আলোচনায় এসেছেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম দিন আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে রিভিউ নিয়েছিলেন। শোনেননি জশপ্রীত বুমরাহর পরামর্শ। শেষ পর্যন্ত নষ্ট হয় রিভিউ। এবার চতুর্থ দিনেও ডিআরএস নিয়ে আলোচনায় শুভমান। তবে এবার তাঁর দোসর আকাশ দীপ।

চতুর্থ দিন নিউজিল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। তৃতীয় বলে কনওয়ের প্যাডে বল লাগে। এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করেন ভারতীয় পেসার। কিন্তু আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। তাতেই রিভিউ নেওয়ার জন্য অধিনায়ক শুভমান গিলকে চাপ দিতে শুরু করেন বঙ্গ পেসার। গিলের দিকে তাকিয়ে আকাশ বলেন, “ব্যাট হ্যায়? ব্যাট নহি হ্যায় ভাই!” অর্থাৎ, ব্যাটে বল লেগেছে কি? না কি লাগেনি? তাঁর দাবি, ব্যাটে বল লাগেনি। তাই কনওয়ে নিশ্চিত এলবিডব্লিউ।

এর কিছুক্ষণ পরেই এক সতীর্থ গিলকে জানান, প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল বল। তখন গিল পালটা জানতে চান, “পর ব্যাট লাগা হ্যায় ইয়া নহি লাগা হ্যায়?” অর্থাৎ, গিল প্রশ্ন করেন ব্যাটে লেগেছিল কি না? তাতেও অবশ্য দমার পাত্র ছিলেন না আকাশ। নাছোড়বান্দা হয়ে বলতে থাকেন, ফ্রন্ট লাইনে ছিলেন ব্যাটার। নিশ্চিত আউট কনওয়ে। তাই রিভিউ নেওয়া উচিত। কিন্তু আকাশের যুক্তিতে পুরোপুরি ভরসা করতে পারেননি গিল। শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্তই নেন ভারত অধিনায়ক। সেই যাত্রায় রক্ষা পান কনওয়ে। দিনের শেষে ডেভন কনওয়ে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে খেলছেন রাচীন রবীন্দ্র। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে।

তৃতীয় দিনের ৪৮৬/৪ রানের পর খেলতে নেমে শনিবার সকাল থেকেই মোটামুটি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ঋষভ পন্থ এবং অংশুল কম্বোজ সকাল থেকেই রানের গতি বাড়ানো শুরু করেন। নাইট ওয়াচম্যান কম্বোজ করেন ৩৮ রান। তিনি আউট হওয়ার পর ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থ কিউয়ি বোলারদের প্রহারের কাজটা চালিয়ে যান। মাত্র ১৫৮ বলে ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েন পন্থ। ধ্রুব করেন ৭৯ বলে ৭৮ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ২৬ বলে ২৪ এবং আকাশ দীপ ৫ বলে ১৩ রান করেন। শেষমেশ ৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক শুভমান গিল। হাতে তখন লিড ৩৫২ রানের। সময় ছিল আরও দেড়দিন। জবাবে ২ উইকেটে ১১৯ রানে দাঁড়িয়ে কিউয়ি ইনিংস। শেষ দিন টিম ইন্ডিয়াকে জিততে গেলে তুলতে হবে প্রতিপক্ষের ৮টি উইকেট। ওয়েলিংটনের ‘নিষ্প্রাণ’ পিচে তা কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা চলছে। তবে এর ফাঁকেই ‘ড্রামাটিক রিলিফে’র কাজ করল ডিআরএস নিয়ে গিল-আকাশ কথোপকথন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker