মা হয়েছিল, বাপের বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধ’, ইরানে কিশোরীকে পিটিয়ে খুন স্বামীর!

সম্প্রতি মা হয়েছিল। সন্তানকে নিয়ে বাপের বাড়ি যেতে চাওয়ার অনুমতি চেয়েছিল কিশোরী। কিন্তু তাতেই নেমে এল নিষ্ঠুর পরিণতি। কিশোরীরের পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইরানে (Iran)।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃতার নাম সোগান্দ মোশতারাকি (১৮)। বেশ কয়েকমাস আগে ২০ বছরের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। সম্প্রতি মা হয়েছিল মোশতারাকি। প্রসবের কয়েকদিন পরই সে স্বামীর কাছে বাপের বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল। কিন্তু অভিযোগ, সে কথা শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন যুবক। এরপরই তিনি স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তাকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ উঠেছে। ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর)-এর তথ্য অনুযায়ী, নির্মম এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছেন সোগান্দের স্বামী। তাঁর দাবি, পারিবারিক বিবাদের জেরেই তিনি স্ত্রীকে খুন করেছেন।
জানা গিয়েছে, কারমান প্রদেশের বাসিন্দা সোগান্দ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে সে নিরাপদে সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই স্বামীর হাতে প্রাণ হারাল সে। সোগান্দের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি এ ধরনের ঘটনার সংখ্যা ইরানে অনেকটা বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ, পারিবারিক হিংসা এবং নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, বলপূর্বক বিয়ে এবং সীমিত আইনি সুরক্ষার কারণে ইরানে মহিলারা নিত্যদিনই নির্যাতনের শিকার হয়
শেয়ার
লিংক



