ইচ্ছেমত ফি বৃদ্ধি বন্ধ বেসরকারি স্কুলগুলির! মা-বাবাদের স্বস্তি দিয়ে বড় প্রস্তাব মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি (Private School Fees Hike) এবার নিয়ন্ত্রণে আসবে! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও স্কুল বার্ষিক নির্দিষ্ট একটা মানের থেকে বেশি ফি বাড়াতে পারবে না। কতটা বাড়াতে পারবে স্কুলগুলি? দেখে নিন মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ আদেশ।
বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের প্রথম সারির বেসরকারি স্কুলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রায় ৩৬০ জন স্কুল প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাঁদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত ও স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব।
রাজ্যের বেশ কিছু স্কুল ইতিমধ্যে ৯%, ১২% এমনকি ১৫% পর্যন্ত ফি বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এমন অনেক স্কুলও আছে যাঁরা কোনও বৃদ্ধি করেনি। যেসব স্কুল চলতি শিক্ষাবর্ষে বাড়তি ফি নিয়েছে, তাদের পরবর্তী সেমিস্টার বা ভর্তির সময় হিসাব মিলিয়ে দিতে হবে বলে জানা যাচ্ছে। এমনকি প্রয়োজনে অভিভাবকদের টাকা ফেরত দিতে হবে।
আরও পড়ুনঃ এনকাউন্টারের পরেও কিভাবে চাকদহের ঘটনা ঘটে? শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল ঘোষ
আগামী ১লা ডিসেম্বর থেকে স্কুল শিক্ষা দফতর দুটি পৃথক অনলাইন পোর্টাল চালু করছে। একটি পোর্টালে স্কুল কর্তৃপক্ষ তাদের সমস্যা সরাসরি জানাতে পারবে। অন্য পোর্টালটি অভিভাবকদের জন্য। সেখানে অতিরিক্ত ফি চাপানো হলে অভিযোগ জানানো যাবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
এদিন বৈঠকে কলকাতার কয়েকটি নামী স্কুল ৯% বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। উন্নত শিক্ষক-ছাত্র অনুপাত, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও পরিবহণ ব্যবস্থার কথা তারা বলেছিল। সরকার সেই প্রস্তাব মেনে নেয়নি। বিষয়টি শিক্ষা দফতর আলাদাভাবে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, দেশের সাতটি রাজ্যে প্রাইভেট স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন আছে। বিহারে সর্বোচ্চ ৭ শতাংশ সীমা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আয় ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ৫ শতাংশ সীমা ঠিক করা হয়েছে। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। প্রয়োজনে বিধানসভায় বিল আনতেও সরকার পিছপা হবে না।
স্কুলগুলির এনওসি ও পুর-কর সংক্রান্ত জটিলতা দূর করতে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া যানজট ও অন্যান্য বিষয়ে একাধিক দফতরের সমন্বয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা হবে। তিন-চারটি দফতর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যাঁরা আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে। অধিকাংশ স্কুল এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে বলে প্রশাসনের দাবি।



