ডার্বির আগে চোট-কাঁটা চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল কোচ হাবাসকে, খেলবেন রামিরেজ?

আল হুসেইন ম্যাচে কুঁচকিতে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন দানি রামিরেজ। পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। তাঁকে নিয়ে চিন্তা বাড়ছিল। বৃহস্পতিবার সেই রামিরেজকে দেখা গেল ইস্টবেঙ্গল (East Bengal) অনুশীলনে। এদিন অনুশীলনে এসে পুরো দমে বল নিয়ে অনুশীলন করলেন তিনি।
রামিরেজকে ডার্বিতে পাওয়া যাবে কি না, সেটা আল হুসেইন ম্যাচের পরে জোর গলাতে বলতে পারেননি ইস্টবেঙ্গল কোচ। স্বাভাবিকভাবে সেই রামিরেজকে অনুশীলনে পেয়ে কিছুটা স্বস্তি লাল-হলুদ শিবিরে। আনোয়ার আলি চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন ডার্বি থেকে। তারপর কবজি ভেঙে মাঠের বাইরে চলে গিয়েছেন আক্রমণভাগের অন্যতম অস্ত্র এডমুন্ড লালরিনডিকা।
এরপর আল হুসেন ম্যাচে কুঁচকির চোট নিয়ে দানির মাঠ ছাড়া চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল হাবাসের কপালে। রামিরেজ এলেও আসেননি আরেক বিদেশি ক্রিস ইকোনোমিডিস। আশা করা যাচ্ছে, শুক্রবার তিনি অনুশীলনে আসবেন। রবিবার ডার্বি। সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল কোচের হাতে ফুটবলারদের ফিট করতে হাতে আর অল্প সময় রয়েছে। এই কয়েক দিনের মধ্যে কতটা ফিট হবেন ইকোনোমিডিসরা, সেটাই দেখার।
আশার বিষয়, ডার্বির ঠিক আগেই এসিএল টু-এর আল হুসেইন ম্যাচ ১-০ গোলে জিতেছে লাল-হলুদ। একেবারে শেষ মুহূর্তে জিকসন সিং গোল করে দলকে জিতিয়েছেন। এবার ডার্বি। এই ম্যাচে জিতলে লিগ টেবলে অনেকটাই উপরে উঠে আসবেন মহম্মদ রশিদরা। ঠিক তেমনই ফল উলটো হলে আরও নীচে চলে যেতে পারেন তাঁরা। স্বাভাবিকভাবেই ডার্বির আগে ফুটবলারদের চোট চিন্তায় রাখছে হাবাসকে।
শেয়ার
লিংক



