এনডিএ-র ১৫১তম পাসিং আউট প্যারেডে রাজনাথ সিং, ক্যাডেটদের বললেন ‘গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী’

পুনে, ২৯ নভেম্বর: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫১তম পাসিং আউট প্যারেডে পরিদর্শক আধিকারিক হিসেবে উপস্থিত থাকলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার পুনের খড়কওয়াসলায় অনুষ্ঠিত এই প্যারেডে তিনি ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন। এবারের পাসিং আউট প্যারেডে মোট ৩৬৪ জন ক্যাডেট তিন বছরের যৌথ সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ১৪ জন মহিলা ক্যাডেট এবং ১২ জন বন্ধুপ্রতিম বিদেশি দেশের ক্যাডেট রয়েছেন। এবার তাঁরা নিজ নিজ বাহিনীর অ্যাকাডেমিতে পরবর্তী প্রশিক্ষণের জন্য যাবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এটি। আজ থেকে তাঁদের জীবনে নতুন যাত্রা শুরু হচ্ছে এবং জীবনের নতুন দিশা তৈরি হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের ফলেই তাঁরা এই পর্যায়ে পৌঁছেছেন।
ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নয়, বরং তাঁদের অভিভাবকের মতো কিছু কথা বলতে চান। ১৯, ২০ কিংবা ২১ বছর বয়সি তরুণ-তরুণীরা যে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছেন, তা তাঁদের পরিণত করে তুলেছে। তাঁদের পরিহিত সামরিক পোশাকের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশাল দায়িত্ব।
রাজনাথ সিং বলেন, তাঁরা এক গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী। অসংখ্য বীর যোদ্ধার আত্মত্যাগের ফলেই আজ দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করলে স্বাধীনতা সংগ্রামীদের সাহস ও আত্মত্যাগের কথা মনে পড়ে। তাঁদের জীবন আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
এদিন মেজর সোমনাথ শর্মা, আবদুল হামিদ এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রার আত্মত্যাগের কথাও স্মরণ করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁদের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন তিনি। রাজনাথ সিং বলেন, ক্যাডেটদের গায়ে যে সামরিক পোশাক রয়েছে, তার পিছনে রয়েছে অসংখ্য সৈনিক ও বিপ্লবীর আত্মত্যাগ। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের অবদান এবং উত্তরাধিকার সবসময় মনে রাখতে হবে।
পাসিং আউট প্যারেডে ক্যাডেটদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের দীর্ঘ যাত্রায় তাঁদের পরিবারের সমর্থন ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
এর আগে শনিবার ১৫১তম কোর্সের উত্তীর্ণ ক্যাডেট এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিরক্ষামন্ত্রী। কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য তাঁদের অভিনন্দন জানিয়ে রাজনাথ সিং বলেন, এই তরুণ ক্যাডেটরাই দেশের নিরাপত্তার ঢাল। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত থাকলেই বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং শিল্পের উন্নয়নের পথ প্রশস্ত হয়। সীমান্তে মোতায়েন সেনারা শুধু দেশের ভৌগোলিক সীমানাই রক্ষা করেন না, তাঁরা দেশের স্কুল, হাসপাতাল এবং উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকেও সুরক্ষা দেন।
ক্যাডেটদের অভিভাবকদের উদ্দেশে রাজনাথ সিং তাঁদের সন্তানদের পাশে থেকে অনুপ্রেরণা জোগানোর আহ্বান জানান। সামরিক জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবারের মানসিক প্রস্তুতি, বোঝাপড়া ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। আইএএনএস সূত্রে এই খবর জানা গিয়েছে।
_______



