0%

দু’গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, জুনিয়র বিশ্বকাপে ত্রিনিদাদ টোবাগোকে হারাল ভারত

ভারত: ৩ (ভিক্টর ২, রলালরেম্বুয়াটফেলা)
ত্রিনিদাদ টোবাগো: ২ (জেলোন, জোশুয়া) 

বিরতির সময় স্কোরলাইন ০-২। ম্যাচের রাশ ত্রিনিদাদ ও টোবাগোর হাতে। কিন্তু ফুটবলে শেষ কথা বলে না প্রথমার্ধের ফল। বাকুতে সেটাই প্রমাণ করল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। ফুটবলবিশ্ব দেখল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেদের দুরন্ত প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টিয়ার সি-র নিম্নক্রমের শেষ ষোলোর ম্যাচে ক্যারিবিয়ান প্রতিপক্ষকে ৩-২ গোলে হারাল ‘ব্লু কল্টস’।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। নামিবিয়াকে ৬-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে তারা। ৮১ থেকে ৮৮ নম্বর স্থানের জন্য কোয়ার্টার ফাইনাল হবে বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১টায়। বুধবার শুরু থেকেই আক্রমণে ঝাঁজ ছিল দু’দলের খেলায়। তবে ম্যাচের ছ’মিনিটে প্রথম ধাক্কা খায় ভারত। জেলোন ক্যারিংটনের গোলে এগিয়ে যায় ত্রিনিদাদ টোবাগো। পিছিয়ে পড়েও অবশ্য লড়াই থেকে সরে আসেনি ভারতের ছেলেরা। সমতা ফেরানোর লক্ষ্যে একের পর এক আক্রমণ শানাচ্ছিল তারা। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে বারবার আটকে যেতে হয় বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেদের। ১৮ মিনিটে জোশুয়া সাইরাসের গোল স্কোর লাইন দ্বিগুণ করে ত্রিনিদাদ টোবাগো। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে না পারার খেসারত দিতে হয় ভারতকে।

বিরতির পর অবশ্য ছবিটা বদলে যায়। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে ভারত। ২৩ মিনিটে বাঁ-দিক দিয়ে উঠে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে নিচু ক্রস বাড়ান লালরেমরুয়াতফেলা। সেখানে তৈরিই ছিলেন লালরুয়ামপুইয়া। প্রথমবারের শটেই ব্যবধান কমান তিনি। এতে যেন নতুন করে প্রাণ সঞ্চারিত হয় ভারতীয় দলের। একের পর এক আক্রমণ শানায় বিবিয়ানোর দল। ফলও মেলে হাতেনাতে। ২৫ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে একাধিক ডিফেন্ডারের মাঝেও শট নেওয়ার জায়গা তৈরি করেন লালরুয়ামপুইয়া। ত্রিনিদাদ গোলকিপার লিচ হাত ছোঁয়ালেও বল গোললাইন পেরিয়ে যায়। সমতা ফেরায় ভারত। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২৯ মিনিটে জয়সূচক গোলটি করে ভারত। ডান দিক থেকে নিবাস মেইতেই ওয়াহেংবামের বাড়ানো ক্রস থেকে বক্সের মধ্যে বল পান লালরেমরুয়াতফেলা। ঠান্ডা মাথায় ডিফেন্ডারদের সামলে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে ভারত।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টানা দু’ম্যাচ জেতার পর গ্রানাডার বিরুদ্ধে ‘জেতা ম্যাচ’ ড্র করেছিল ভারত। সেই ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে বাহরিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। তবে সেনেগালের কাছে ১-৬ গোলে হেরে গ্রুপ পর্বে শীর্ষস্থানে উঠতে পারেনি বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। বুধবার সকালে হন্ডুরাসের বিরুদ্ধে ১-২ গোলে হারলেও ত্রিনিদাদ টোবাগোর বিরুদ্ধে শেষ দিকে ঠান্ডা মাথায় খেলে লিড ধরে রাখতে কোনও সমস্যা হয়নি ভারতের। টুর্নামেন্টের এই পর্বে এটাই প্রথম জয় ভারতের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker