ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন শেখ হাসিনার

ঢাকা, ৯ নভেম্বর : বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তাঁর দল আওয়ামী লীগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, পূর্ববর্তী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পুরনো নথিপত্র বাতিল করে দিয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। সেই পরিস্থিতিতে নতুন নথিপত্রের জন্য তাঁর এই আবেদনকে বাংলাদেশে ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আওয়ামী লীগের দাবি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নিজের আইনি প্রতিনিধিদের সাহায্যে শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে আবেদন জানিয়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত চুক্তির আওতায় দেশের নাগরিক হিসেবে তাঁর অধিকার উল্লেখ করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আর্জি জানানো হয়েছে।
শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন। গত দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে থাকার পর তাঁর এই পদক্ষেপকে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আওয়ামী লীগ।
দলের বিবৃতিতে বলা হয়েছে, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার শিকড়, পরিচয় এবং রাজনৈতিক যাত্রা বাংলাদেশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাঁর মাতৃভূমিই তাঁর প্রকৃত ঠিকানা। নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা জাতীয় পরিচয় এবং মৌলিক অধিকারের বিষয়। বঙ্গবন্ধুর কন্যাকে তাঁর শিকড়, মাতৃভূমি ও মানুষের কাছে ফিরে যাওয়া থেকে পৃথিবীর কোনও শক্তিই চিরকাল আটকাতে পারবে না।”
অন্যদিকে, গত সপ্তাহে বাংলাদেশের বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। দেশে ফেরার জন্য তাঁর পাসপোর্ট বা অন্য কোনও ভ্রমণ নথির প্রয়োজন হবে বলে যে ধারণা করা হচ্ছে, তাও খারিজ করেন তিনি।
বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, হুমায়ুন কবির বলেন, “আমরা শেখ হাসিনাকে হস্তান্তর করার দাবি জানিয়েছি। তাঁকে হস্তান্তর করা হবে। তিনি একজন সন্ত্রাসবাদী। তিনি পলাতক। বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে।”
তিনি আরও বলেন, “তিনি কি রংপুরে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে আসছেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে? এটি হস্তান্তরের বিষয় এবং এর জন্য বিচারবিভাগীয় প্রক্রিয়া রয়েছে।”
এর আগে অক্টোবর মাসে ওয়াশিংটন থেকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা জানিয়েছিলেন, গ্রেফতার, নির্যাতন কিংবা প্রাণহানির আশঙ্কা থাকলেও তিনি বাংলাদেশে ফিরতে বদ্ধপরিকর। তাঁর সমর্থক এবং সাধারণ মানুষ যখন দুর্ভোগের শিকার হচ্ছেন, তখন তিনি দেশের বাইরে থাকতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন।
শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছিলেন, দেশে ফেরার পথে ঝুঁকি তাঁকে আটকাতে পারবে না। তিনি বলেন, “ফেরাটা কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে আমি চিন্তিত নই। আমাকে ফিরতেই হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে তাঁর সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতেই বসবাস করছেন। এই কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকার এবং দেশের মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
১৯৭৫ সালে পরিবারের একাধিক সদস্যের হত্যাকাণ্ডের পর নিজের বোনের সঙ্গে বেঁচে যাওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “ভারত সরকার, সেখানকার মানুষ এবং সব রাজনৈতিক দলকে ধন্যবাদ। ১৯৭৫ সালের মতোই তাঁরা আমাকে গ্রহণ করেছেন।”



