দিনভর তুমুল বৃষ্টি, একটাও বল না খেলে ভেস্তে গেল ম্যাচ, সিরিজ অধরা শুভমানদের

দিনভর তুমুল বৃষ্টি। শেষ পর্যন্ত ভেস্তে গেল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। মঙ্গলবার প্রায় চার ঘণ্টা ধরে মাঠে বসে অপেক্ষা করলেন দর্শকরা। কিন্তু বৃষ্টি বারবার হতে থাকায় খেলা সম্ভব হয়নি। তাই এদিনের ম্যাচ বাতিল করলেন আম্পায়াররা। শেষ পর্যন্ত সেডান পার্ক থেকে দর্শকদের ফিরতে হল খালি হাতেই। টানা তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরার সুযোগটাও অধরা থেকে গেল শুভমান গিলদের।
ম্যাচের আগে দু’দিন টানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও তার অন্যথা হল না হ্যামিল্টনে। নির্ধারিত সময়ের পর দেড় ঘণ্টা কেটে গেলেও টস করানো সম্ভব হয়নি। অবশেষে দুই দলের অধিনায়ক শুভমান গিল এবং মিচেল স্যান্টনার যখন এলেন মাঠে, টিম লিস্ট আদানপ্রদানের সময়েও ফের নামল বৃষ্টি। শেষ পর্যন্ত মেঘলা আকাশ আর শনশনে হাওয়ার মধ্যে টস করলেন দুই অধিনায়ক। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গিল। জানিয়ে দিলেন, বৃষ্টির মধ্যে এইভাবে বসে অপেক্ষা করাটা অত্যন্ত বিরক্তিকর। ম্যাচের মধ্যে বৃষ্টি হলে মনসংযোগেও ব্যাঘাত ঘটে।
নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর যখন টস হল, তখনই আম্পায়াররা জানিয়ে দেন এদিন ৪০ ওভার করে ব্যাট করবে দুই দল। কিন্তু টস হওয়ার পরেই আবারও মুষলধারে বৃষ্টি নামে। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন আম্পয়ায়াররা। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে মাঠ শুকানো একেবারে অসম্ভব হয়ে ওঠে। একটা ক্ষীণ চেষ্টা ছিল অন্তত ২০ ওভারের ম্যাচ যদি খেলানো যায়। কিন্তু মাঠকর্মীদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হল। মঙ্গলবার সন্ধেবেলাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেকথা মাথায় রেখেই শেষ পর্যন্ত বাতিল হল ম্যাচ।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আপাতত ভারত এগিয়ে ২-০ ফলে। মঙ্গলবার জিতলেই সিরিজ চলে আসত শুভমান গিলদের ঝুলিতে। আপাতত তা হচ্ছে না। আগামী শুক্রবার ফের মাঠে নামবে দুই দল। নিউজিল্যান্ডের সামনে সিরিজ জয়ের পথ আর খোলা নেই। তারা বড়জোর সিরিজ ড্র করতে পারে পরের ম্যাচদু’টি জিতে। অন্যদিকে ভারত আর একটা ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে। বিশ্বকাপের প্রস্তুতিতে যা আত্মবিশ্বাস যোগাবে মেন ইন ব্লুকে।
শেয়ার
লিংক



