0%

মুম্বইয়ে দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি ভাঙার নির্দেশ বিএমসি-র, বিরোধিতা কংগ্রেস বিধায়কের

 

মুম্বই, ১৮ নভেম্বর: মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকায় অবস্থিত পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি হিসেবে চিহ্নিত জরাজীর্ণ ‘মুসাফিরখানা’ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। আগামী ১৮ ও ১৯ নভেম্বর কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে এই ভাঙার কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল। তাঁর দাবি, বম্বে হাইকোর্ট পূর্ববর্তী ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের মালিকানাধীন কি না, তা নিয়েও ওয়াকফ ট্রাইব্যুনালে শুনানি চলছে।

আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে আমিন প্যাটেল বলেন, ২০২০ সালের হাইকোর্টের একটি নির্দেশের উল্লেখ করে বিএমসি সেখানে ভাঙার নোটিস দিয়েছে। কিন্তু ২০২৪ ও ২০২৫ সালে হাইকোর্ট এই ভাঙার কাজের উপর স্থগিতাদেশ দিয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, এই সংক্রান্ত আদালতের নির্দেশ তাঁদের কাছে রয়েছে।

তিনি আরও দাবি করেন, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সম্পত্তিটি জরাজীর্ণ হলে ওয়াকফ বোর্ডের উচিত সেটি মেরামত করা। ওয়াকফ ট্রাইব্যুনালও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করেছে বলে জানান তিনি।

সম্পত্তিটি ওয়াকফের কি না, সেই প্রশ্নে কংগ্রেস বিধায়ক বলেন, বিষয়টি বর্তমানে ওয়াকফ ট্রাইব্যুনালে বিচারাধীন। তাঁর দাবি, ১৯৪৪ সালের সরকারি গেজেটের নথিতে সম্পত্তিটিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকী ১৯৯১ সালের বিএমসি-র নথিতেও জায়গাটিকে মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

আমিন প্যাটেল প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশ, রাজ্য সরকারের অবস্থান এবং মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের বিষয়গুলি উপেক্ষা করে কেন মাত্র দু’দিনের মধ্যে ভাঙার কাজ করতে চাইছে বিএমসি? সংশ্লিষ্ট আধিকারিকের উদ্দেশ্য নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিএমসি-কে দায়ী করে কংগ্রেস বিধায়ক বলেন, মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাঁর দাবি, প্রতিবাদকারীরা মসজিদের ভিতরেই রাত কাটিয়েছেন এবং মসজিদ ছেড়ে যেতে রাজি নন।

তবে সম্পত্তির মালিকানা এবং ভাঙার নির্দেশের আইনি বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় বলেই জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker