সরকারি প্রকল্পে বড় চমক! IIT-IIM-এর পরামর্শে কাজ করবে রাজ্য

SOBDIK NEWS: প্রশাসনের কাজে এবার সরাসরি যুক্ত হতে পারে দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মেধা ও অভিজ্ঞতা। সরকারি প্রকল্পের গুণগত মান বাড়ানো থেকে শুরু করে জটিল সমস্যার সমাধান—বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। এর ফলে IIT, IIM-এর মতো প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি গবেষণা কেন্দ্রগুলিও রাজ্যের বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করার সুযোগ পাবে।
সরকারি প্রকল্পের কাজে IIT-IIM-এর সাহায্য নেবে সরকার (West Bengal Government)
এতদিন সরকারি প্রকল্পের বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ সংস্থার সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে এগোতে হত। এবার সেই প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনও প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, নতুন পরিকল্পনার নকশা তৈরি, প্রযুক্তিগত সমস্যার সমাধান কিংবা গবেষণার প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে সরকারি বিভাগগুলি। শুধু প্রযুক্তি বা ব্যবস্থাপনাভিত্তিক প্রতিষ্ঠান নয়, আইন সংক্রান্ত পরামর্শের জন্য পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের মতো প্রতিষ্ঠানকেও কাজে লাগানো যাবে। কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন অন্যান্য শিক্ষা এবং গবেষণা সংস্থাও এই সুযোগের অন্তর্ভুক্ত।
কোনও সংস্থাকে ইচ্ছেমতো দায়িত্ব দেওয়া যাবে না। প্রথমে প্রতিটি দপ্তরকে সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে একটি অনুমোদিত তালিকা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ আধিকারিকের সম্মতি পাওয়ার পরই সেই তালিকা ব্যবহার করা যাবে। এরপর নির্দিষ্ট কাজের প্রয়োজন অনুযায়ী তালিকাভুক্ত সংস্থাগুলির কাছ থেকে কাজের প্রস্তাব ও পরিকল্পনা চাওয়া হবে।
আরও পড়ুন : এবার এক বাসেই বেলুড় মঠ থেকে কামারপুকুর-জয়রামবাটি! চালু AC ভলভো, ভাড়া কত?
সংশ্লিষ্ট কাজে প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা কতটা, তাদের বিশেষজ্ঞদের দক্ষতা কেমন, কাজের জন্য কত অর্থ প্রয়োজন এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব শেষ করা সম্ভব কি না—সবদিক বিচার করেই নির্বাচন করা হবে। নতুন নির্দেশিকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কোনও বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তির ব্যয় ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হলে আর অর্থ দপ্তরের কাছ থেকে আগাম ছাড়পত্র নিতে হবে না। সংশ্লিষ্ট বিভাগের প্রধান নিজের ক্ষমতাবলে প্রশাসনিক এবং আর্থিক সম্মতি দিতে পারবেন। তবে প্রকল্পের খরচ ৭৫ লক্ষ টাকার সীমা পেরিয়ে গেলে অর্থ দপ্তরের অনুমোদন নেওয়ার নিয়ম বহাল থাকছে।
এই সুবিধা মূলত সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যক্তিগত পরামর্শদাতা সংস্থা কিংবা বেসরকারি পেশাদার সংগঠন এই বিশেষ ব্যবস্থার আওতায় আসবে না। বিশেষজ্ঞদের জ্ঞান কাজে লাগানো গেলে প্রকল্পের পরিকল্পনায় ভুল কমানো, প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার সম্ভব হতে পারে।



