চিটফান্ডের টাকা ফেরাতে গড়িমসি? কমিটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত হাই কোর্টের

SOBDIK NEWS: বছরের পর বছর কেটে গেলেও চিটফান্ড কাণ্ডে সর্বস্ব হারানো বহু আমানতকারী এখনও নিজেদের অর্থ ফেরত পাননি। এই দীর্ঘসূত্রিতা এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতিদের ধৈর্যের বাঁধ ভাঙল। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চের কড়া বার্তা, দায়িত্ব সামলাতে না পারলে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারে আদালত।
চিটফান্ড মামলায় হাইকোর্টের (Calcutta High Court) পর্যবেক্ষণ
শুনানিতে প্রথমেই কমিটির পরিকাঠামো ও কর্মীদের কার্যকারিতা নিয়ে হিসাব চাওয়া হয়। জানা যায়, সেখানে কর্মরত রয়েছেন ৩৪ জন। তাঁদের মধ্যে ১৬ জনের কাজ তথ্য কম্পিউটারে নথিভুক্ত করা। কর্মীদের প্রত্যেকের মাসিক বেতন গড়ে এক লক্ষ টাকা ধরে নিলে শুধু বেতন বাবদই খরচ দাঁড়ায় প্রায় ৩৪ লক্ষ টাকা। এই বিপুল ব্যয়ের পরেও আমানতকারীদের আবেদন প্রক্রিয়াকরণের গতি এত ধীর কেন, তা বুঝতে পারেনি আদালত। বিশেষ করে ১৬ জন তথ্যকর্মী সারাদিনে এক বা দু’টির বেশি আবেদন নথিভুক্ত করতে পারছেন না বলে যে তথ্য সামনে আসে, তাতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। তাঁদের পর্যবেক্ষণ, ‘১৬ জন ডেটা অপারেটর মিলে সারা দিনে মাত্র ১টি বা ২টি আবেদনের তথ্য নথিভুক্ত করছেন! বাকি সময়টা কি তাঁরা গত ১০ বছর ধরে শুধু বিশ্রাম নিচ্ছেন? যে কর্মী দিনে একটি তথ্যও কম্পিউটারে তুলতে পারেন না, তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।’
কমিটির কাজের মূল্যায়ন করতে গিয়ে ওয়েবসাইটের তথ্যের সঙ্গেও বাস্তব দায়িত্বের ফারাক খুঁজে পায় বেঞ্চ। আদালতের বক্তব্য, বর্তমানে ১০৫টি চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। অথচ তাদের ওয়েবসাইটে এখনও ৮৯টি সংস্থার উল্লেখ রয়েছে। প্রাথমিক পর্যায়ে যে ৫৩টি সংস্থার দায়িত্ব পেয়েছিল কমিটি, সেগুলির ক্ষেত্রেও কতজন টাকা ফেরতের আবেদন করেছেন, কতগুলি প্রয়োজনীয় শংসাপত্র জমা পড়েছে এবং কত অর্থ ইতিমধ্যে ফেরানো হয়েছে—তার পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন :গ্রাম ও শহরের রাস্তা নিয়ে বড় উদ্যোগ, তৈরি হবে ডিজিটাল মানচিত্র
কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পদক্ষেপের আগে আদালতের নির্দেশ প্রয়োজন হয়। কিন্তু এই বক্তব্যে আরও অসন্তুষ্ট হয় ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মতে, কমিটির হাতে যথেষ্ট প্রশাসনিক ক্ষমতা থাকার পরেও সাধারণ কাজের জন্য বারবার আদালতের অনুমতি চাওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। আদালত প্রশ্ন তোলে, “ওয়ান-ম্যান কমিটিকে অসীম ক্ষমতা (Immense power) দেওয়া হয়েছে। তারপরেও এসএমএস পরিষেবা চালু করা বা অফিস সংস্কারের মতো সামান্য কাজের জন্যও আদালতের নির্দেশ লাগবে? তাহলে ৩৫ জন কর্মী আর এই কমিটির প্রয়োজনীয়তা কী? আপনারা নিজেরা কোনও কাজ না করে কেবল প্রতিবন্ধকতার দোহাই দিচ্ছেন।”
এদিন সম্পত্তি হস্তান্তর নিয়েও কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ইডির বাজেয়াপ্ত করা সম্পত্তি আমানতকারীদের অর্থ ফেরানোর কাজে ব্যবহার করার জন্য কমিটির হাতে তুলে দেওয়ার প্রসঙ্গ থাকলেও, সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। বিচারপতিদের বক্তব্য, “২০১৬ সালের রায়ে গোটা প্রক্রিয়া স্পষ্ট বলা আছে। আপনারা বিশেষ আদালত থেকে সম্পত্তি হস্তান্তরের আবেদনটুকুও করেননি। এটা আপনাদেরই ব্যর্থতা।”
এতদিন ধরে জমে থাকা অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের হিসাব পেশ করতে হবে কমিটিকে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৫৩টি চিটফান্ড সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য একত্র করে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত, এর আগে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্বে থাকা হাই কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের কমিটির কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল এই ডিভিশন বেঞ্চ। সেই সময়ও কঠোর পদক্ষেপের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এবার তালুকদার কমিটির ক্ষেত্রেও একই রকম কঠোর অবস্থান নিল আদালত।



