‘ভরসা’ স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, কারা পাবেন স্পষ্ট করে দিল নবান্ন

SOBDIK NEWS: বেকারভাতা (Banglar Yuva Shakti Yojana) নিয়ে চর্চার মাঝেই এবার জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নবান্নে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, জানুুয়ারি মাস থেকে চালু হচ্ছে বেকার ভাতা। যার পোশাকি নাম ভরসা স্কিম (Bharosa Scheme)। কারা যোগ্য বা অযোগ্য এই ‘ভরসা’র জন্য, এবার সবকিছু স্পষ্ট করে বিজ্ঞপ্তি জারি করল সরকার।
ভরসা প্রকল্পে আবেদন শুরু শীঘ্রই | Bharosa Scheme
‘ভরসা’ স্কিম নিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, রাজ্য সরকারের এই প্রকল্পটি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক ও সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্তদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। আর স্নাতক নন যারা, তাদের ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করা হবে। আবেদনকারী কোনও স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত থাকলে মিলবে না এই প্রকল্পের সুবিধা। আবেদনকারী সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত থাকলেও এই প্রকল্পে আবেদনযোগ্য নচ
আরও পড়ুন: আগামিকাল রাজ্যের সব সরকারি স্কুলে বিশেষ কর্মসূচি! পড়ুয়া থেকে শিক্ষকদের নিতে হবে শপথ
অন্নপূর্ণা যোজনার মতোই এই প্রকল্পেও একটি পরিবার থেকে দু’জনের বেশি আবেদনকারী এই সহায়তা পাবেন না। আবেদনকারীকে নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্র্যাজুয়েট বিভাগের জন্য স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।
পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেলে এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা এই প্রকল্পে যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, মানবিক পেনশনের মতো দিব্যাঙ্গজনদের জন্য কোনও পেনশন প্রাপকরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
এখানেই শেষ নয়, আবেদনকারীর নাম থাকতে হবে এসআইআর ২০২৬-এর পর চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকায় অথবা SIR অ্যাপেলেট ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকতে হবে। সিএএ-র অধীনে আবেদন বিবেচনাধীন থাকলেও এই প্রকল্পে সুবিধা মিলবে। আবেদনপত্র সমস্ত যোগ্যতার শর্ত অনুযায়ী যাচাই করা হবে। যাচাইয়ের পর নির্ধারিত আধিকারিক যোগ্য আবেদনকারীদের লিস্ট সুপারিশ করবে।
বলা হয়েছে, ‘আপনার সরকার আপনার পাশে’-র মাধ্যমে আসা আবেদনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এবং সমস্ত তথ্য ‘ভরসা’ প্রকল্পের মূল তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আপাতত ১৫ মাস এই টাকা দেওয়া হবে। পরবর্তীতে টাকা বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা ভুয়ো নথি জমা করে সুবিধা পেতে চাইলেও বাতিল হবে আবেদন। আবেদন মঞ্জুর হওয়ার পর পরবর্তীকালে কোনও যোগ্যতার শর্ত আর পূরণ না হলে, সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য পেশের সুযোগ দেওয়ার পর তাঁর আর্থিক সহায়তা বন্ধ বা স্থগিত রাখার কথাও বলা হয়েছে।



