জমি নিয়ে ৫০ বছরের পুরনো আইন বাতিলের পথে রাজ্য! শীতকালীন অধিবেশনে আসছে বিল

SOBDIK NEWS: রাজ্যের জমি নীতি ও নগরায়নের ক্ষেত্রে এবার বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে সরকার (West Bengal Government)। কয়েক দশক ধরে চালু থাকা একটি আইনের কারণে শহরাঞ্চলে জমির ব্যবহার এবং বড় প্রকল্প বাস্তবায়নে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শিল্পপতি ও আবাসন নির্মাণ সংস্থাগুলির দীর্ঘদিনের অভিযোগ ছিল, জমির উপর আইনি নিয়ন্ত্রণের কারণে ইচ্ছা থাকলেও বড় বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না।
জমির নিয়মে বড়সড় বদল সরকারের (West Bengal Government)
এবার সেই পরিস্থিতি বদলাতে ১৯৭৬ সালের Urban Land Ceiling and Regulation Act তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই পদক্ষেপ কার্যকর হলে জমি কেনাবেচা ও বড় প্রকল্পের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর এবার বিষয়টি বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আসন্ন শীতকালীন অধিবেশনে পুরনো আইন প্রত্যাহারের উদ্দেশ্যে একটি রিপিল বিল পেশ করা হবে। তবে বিধানসভায় জনপ্রতিনিধিদের সম্মতি পেলেই আইনটির অস্তিত্ব শেষ হয়ে যাবে না।
সংবিধান অনুযায়ী, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদনও বাধ্যতামূলক। ফলে দিল্লির সম্মতি না পাওয়া পর্যন্ত পুরনো বিধান মেনেই জমি সংক্রান্ত কার্যক্রম চলবে। এই আইন নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান দীর্ঘদিন ধরেই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আলাদা ছিল। ১৯৯৯ সালে কেন্দ্রীয় সরকার Urban Land Ceiling Act প্রত্যাহারের জন্য পৃথক আইন তৈরি করেছিল। পরবর্তীতে দেশের অধিকাংশ রাজ্য সেই ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে আইনটি বাতিল করা হয়নি। তৃণমূল ক্ষমতায় আসার পরেও সেই অবস্থানের পরিবর্তন ঘটেনি। ফলে এত বছর ধরে ১৯৭৬ সালের আইন কার্যকর থেকেছে। এবার সেই পরিস্থিতি বদলানোর প্রক্রিয়া শুরু করল বর্তমান সরকার।
আরও পড়ুন : শিশুদের সঙ্গে অশালীন কথা, দেওয়া হচ্ছে বিপজ্জনক পরামর্শ! নিউ ইয়র্কে ৫ বছরের জন্য নিষিদ্ধ AI Toys
পুরনো আইনের বিধান অনুযায়ী, কলকাতার শহরাঞ্চলে একজন ব্যক্তি বা সংস্থার হাতে সর্বাধিক ৫০০ বর্গমিটার বা প্রায় সাড়ে সাত কাঠা ফাঁকা জমি রাখার অনুমতি ছিল। এর বেশি জমি থাকলে অতিরিক্ত অংশ সরকার অধিগ্রহণ করতে পারত। এই নিয়মের ফলে বড় জমির প্রয়োজন হয় এমন শিল্পপ্রকল্প কিংবা বহুতল আবাসন তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দিত। সরকারের যুক্তি, জমি ব্যবহারের উপর এই ধরনের নিয়ন্ত্রণ থাকায় অনেক সম্ভাব্য বিনিয়োগকারী পিছিয়ে যেতে বাধ্য হতেন।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সরব ছিল রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত মহল। তাদের দাবি, পর্যাপ্ত জমি হাতে না থাকায় বড় প্রকল্পের পরিকল্পনা করেও বাস্তবে তা শুরু করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি নবান্নে শিল্প প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বৈঠকেও এই সমস্যার কথা উঠে আসে। সেখানে বিনিয়োগকারীরা জমির বিধিনিষেধ শিথিল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁদের বক্তব্য বিবেচনা করেই আইন প্রত্যাহারের সিদ্ধান্তে পৌঁছেছে রাজ্য মন্ত্রিসভা।
তবে আইন প্রত্যাহারের প্রস্তাব নিয়ে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। ১৯৭৬ সালের Urban Land Ceiling Act বাতিল হলেও পশ্চিমবঙ্গে জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত অন্য বিধানগুলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে না। কলকাতা পুরনিগমের ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাইরের এলাকায় পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আইন, ১৯৫৫-এর ১৪এম ধারায় জমি রাখার সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। ফলে প্রস্তাবিত আইন বাতিলের পরেও জমি ব্যবহারের ক্ষেত্রে কোন নিয়মগুলি বহাল থাকবে, তা নির্ভর করবে সরকারের পরবর্তী আইনি সিদ্ধান্তের উপর। দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে রাজ্যে শিল্প ও আবাসন ক্ষেত্রে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।



