0%

গাজায় ফের হাহাকার! ইজরায়েলের ভয়ংকর হামলায় মৃত ৭, খতম হামাস কমান্ডার

গাজায় ফের ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েল। ঘটনায় মৃত্যু হয়েছে হামাস কমান্ডার-সহ ৭ জনের। আহত বহু। এমনটাই জানিয়েছে সেখানকার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

হামাস-পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গাজার পশ্চিমাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান নাইম আবু নাহেলকে নিশানা করেছিল ইজরায়েলি সেনা। মঙ্গলবারের অভিযান মৃত্যু বয়েছে ৫০ বছর বয়সি এই নেতার। গত সেপ্টেম্বর মাস থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাঁর পূর্বসূরি ইজরায়েলি বাহিনীর এক অভিযানে আটক হয়েছিলেন। ইজরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও, নাহেলের নিকেশের খবর নিশ্চিত করেছে। এর পাশাপাশি, গাজার অন্যান্য এলাকায় আরও দু’টি বিমান হামলা চালানো হয়। তাতে প্রাণ হারিয়েছে আরও ছ’জন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, গাজা উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে একটি ধারাবাহিক অভিযান চালাচ্ছে।

২০২৫ সালের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও দু’পক্ষের লড়াই সম্পূর্ণ থামেনি। তেল আভিভের অভিযোগ, হামাস পুনরায় সংগঠিত হওয়ার ও অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। সে কারণেই বারবার সেখানে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। তবে তেল আভিভের অভিযোগ অস্বীকার করেছে হামাস। তাদের দাবি, যুদ্ধবিরতিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইজরায়েলই বারবার চুক্তি ভঙ্গ করছে। হিসাব বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬০০ জন প্যালেস্তিনীয় এবং পাঁচজন ইজরায়েলি সেনা। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকাই ইজরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। অন্যদিকে, হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজার উপকূলীয় অঞ্চলের খুব সামান্য একটি অংশ।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গাজায় ইজরায়েলি হামলায় ৭৪ হাজারেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। এর ফলে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। খোলা আকাশের নিচে দিন কাটছেন অধিকাংশ গাজাবাসী। ইজরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ উঠেছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker