0%

বাবার মতোই মহৎ! মেয়েদের স্বপ্নপূরণে ধোনির শহরে বিশেষ উদ্যোগ শচীনকন্যা সারার

তিনি ক্রিকেটের ঈশ্বর। বছর দুই আগে স্ত্রী অঞ্জলির সঙ্গে রাঁচি গিয়েছিলেন। নিজস্ব ফাউন্ডেশনের কাজে ধোনির শহরে গিয়েছিলেন তাঁরা। পূর্ব প্রতিশ্রুতি মতো ফুটবলকে হাতিয়ার করে ঝাড়খণ্ডের পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের স্বপ্ন দেখাতে উদ্যোগও নিয়েছিলেন। এবার তাঁর কন্যা সারার (Sara Tendulkar) হাত ধরে সেই উদ্যোগকে নতুন দিশা দিল ‘শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশন’। অনেকেই বলছেন, বাবার মতোই মহৎ সারা। 

নতুন মহিলা ফুটবলার তুলে আনার জন্য ইউথ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছিল তারা। রাঁচিতে এবার মেয়েদের জন্য নতুন স্কুল ক্যাম্পাস গড়ে তুলতে ‘যুবা’-র সঙ্গে হাত মেলাল তারা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নানা কাজ শেখার সুযোগ দিয়ে সুবিধাবঞ্চিত মেয়েদের ভবিষ্যৎ আরও ভালো করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। সম্প্রতি রাঁচির যুবা স্কুলে গিয়ে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর সারা তেণ্ডুলকর। শচীনকন্যার কথায়, প্রায় তিন বছর ধরে যুবা-র সঙ্গে যুক্ত রয়েছে ফাউন্ডেশন। নতুন স্কুল ক্যাম্পাস তৈরির পরিকল্পনা নিয়ে তাঁরা যথেষ্ট আশাবাদী।

সারা বলেন, “মেয়েদের নিয়ে আমরা আশাবাদী। ওদের মধ্যে দারুণ প্রতিভা ও সম্ভাবনা আছে। আগামী দিনে ওরা কী অর্জন করতে পারে, তা দেখার অপেক্ষায় রয়েছি।” তেণ্ডুলকর পরিবারের কাছে যুবা-র কাজ অবশ্য নতুন নয়। ২০২৪ সালের এপ্রিলে শচীন ও তাঁর স্ত্রী অঞ্জলি তেণ্ডুলকর এই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানকার মেয়েদের আত্মবিশ্বাস, কথা বলার ধরন এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁরা। সারা জানান, সেই সফরই ফাউন্ডেশনের বিশ্বাস আরও দৃঢ় করেছিল।

যুবা-র কয়েকজন পড়ুয়ার দিদি ইতিমধ্যেই হার্ভার্ড ও ইয়েলের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। যা বুঝিয়ে দেয়, উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে প্রত্যন্ত এলাকার মেয়েরাও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছতে পারে। সারা-র মতে, মেয়েদের উচ্চাকাঙ্ক্ষাই ফাউন্ডেশনকে নতুন করে অনুপ্রাণিত করেছে। সারার সঙ্গে ছিলেন শচীনের পুত্রবধূ সানিয়া তেন্ডুলকরও। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। পড়ুয়া ও মহিলা ফুটবলারদের সঙ্গে কথা বলেন তাঁরা। স্কুলের শিক্ষার পরিবেশ, ফুটবল প্রশিক্ষণ এবং জীবনদক্ষতা বিকাশের কর্মসূচি ঘুরে দেখেন। ফুটবলও খেলেন তাঁরা। মেয়েদের দেখে মুগ্ধ অর্জুনপত্নী। তাঁর কথায়, “ফুটবল ও শিক্ষা মেয়েদের চেনা গণ্ডির বাইরে বেরিয়ে আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করছে।”

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে দীর্ঘদিন ধরে নারী অধিকার বা আত্মনির্ভরশীলতার লক্ষ্যে কাজ করছে যুবা। ফুটবলকে কেবল খেলা নয়, সামাজিক বাধা অতিক্রমের মাধ্যম হিসাবেও ব্যবহার করছে এই সংস্থা। নতুন স্কুল ক্যাম্পাস সেই উদ্যোগকে আরও বিস্তৃত করবে। শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশনের এই উদ্যোগে শিক্ষা ও খেলাধুলাকে এক ছাতার তলায় আনার চেষ্টা হচ্ছে। বিশেষ করে আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যও রয়েছে। ফুটবল মাঠে তৈরি হওয়া আত্মবিশ্বাস যাতে জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে, সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।

সারা জানিয়েছেন, আগামী দিনে মেয়েরা কীভাবে নিজেদের স্বপ্ন পূরণ করে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। রাঁচির মেয়েদের কাছে নতুন এই স্কুল পড়াশোনার পাশাপাশি বৃহত্তর স্বপ্ন দেখার মঞ্চ। ফুটবল পায়ে মাঠে নামা থেকে হার্ভার্ড-ইয়েলের মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর ‘দুর্গম’ স্বপ্নযাত্রাকে মসৃণ করতেই লিটল মাস্টারের ফাউন্ডেশনের এই উদ্যোগ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker