সাউথ সিটি কমপ্লেক্সে সাত সকালে আগুন,আগুন নেভাতে ঘটনাস্থলে ৭টি ইঞ্জিন

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডকে ঘিরে শুক্রবার সকালে ব্যাপক আতঙ্ক ছড়াল। আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আবাসনের ভিতরে আটকে পড়া সকলকেই উদ্ধার করা হয়েছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ সাউথ সিটি কমপ্লেক্সে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। প্রথমে একাধিক ইঞ্জিন পাঠানো হলেও পরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসনের আশপাশের এলাকা। দমকল পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজে হাত লাগান আবাসনের নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দারা।
– বিজ্ঞাপন –
লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে নামানো হয় বাসিন্দাদের
অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কারণে আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে লিফট ব্যবহার করতে পারেননি বাসিন্দারা। শিশু ও বয়স্কদেরও সিঁড়ি দিয়ে নীচে নামানো হয়। এর জেরে আবাসনের ভিতরে কিছুটা হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।
উঁচু তলায় আগুন লাগায় দমকলকর্মীদেরও আগুনের উৎসে পৌঁছতে এবং পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন।
আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, কারণ এখনও অজানা
দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত নেই। তবে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত আগুন সম্পূর্ণ নেভানো এবং এলাকা নিরাপদ করাই দমকলের প্রধান লক্ষ্য। এরপর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।



