গোয়েঙ্কার ‘বকুনি’ খেয়ে শেষ, কোচ সৌরভের হাত ধরে পুনর্জন্মের পথে ক্যাপ্টেন রাহুল!

সঞ্জীব গোয়েঙ্কার কাছে ‘বকুনি’ খেয়ে শেষ হয়েছিল তাঁর আইপিএল অধিনায়কত্ব। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে তাঁর পুনর্জন্ম হতে পারে। সূত্রের খবর, আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন কে এল রাহুল। আপাতত সৌরভরা কলকাতায় শিবির করছেন। দেশের নানা প্রান্তে দিল্লি ক্যাপিটালসের শিবির হবে বলেই জানা গিয়েছে।
দিনকয়েক আগেই দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ঘোষণা করা হয়, হেডকোচ হিসাবে দলের দায়িত্ব নিচ্ছেন সৌরভ। এর আগে মেন্টর হিসাবে দিল্লি ক্যাপিটালসে ছিলেন তিনি। এবার হেডকোচ হলেন। এর আগে ভারতের মাটিতে কোচিং করাননি সৌরভ। ক্রিকেট অধিনায়ক, প্রশাসকের পর এবার কোচের ভূমিকায় তাঁকে দেখবে ভারতের ক্রিকেটমহল। নতুন দায়িত্ব পেয়েই জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন মহারাজ। আপাতত বিগ বস বাংলার সঞ্চালনায় ব্যস্ত। তা সত্ত্বেও সেট থেকে সটান তিনি চলে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের শিবিরে।
কলকাতায় দু’দিনের জন্য শিবির করছে দিল্লি। যদিও সেরকম নামী তারকাদের কাউকে শিবিরে দেখা যায়নি রবিবার। মূল দল মোটামুটি তৈরি রয়েছে দিল্লির। তবে বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রায়ালে ডাকছে ম্যানেজমেন্ট। রবিবার সৌরভ ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন দিল্লি ক্যাপিটালসের নবনিযুক্ত বোলিং কোচ অমিত মিশ্র। জানা গিয়েছে, বাংলার বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রায়ালে ডাকা হয়েছিল। এর আগে বেঙ্গালুরুতে শিবির চলাকালীনও ট্রায়ালে এসেছিলেন কিছু ক্রিকেটার।
দিল্লি শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে রাহুলের হাতে। যদিও অতীতে দিল্লির অধিনায়কত্ব করা ঋষভ পন্থ এবার কামব্যাক করেছেন। তবু ম্যানেজমেন্ট ভরসা রাখছে রাহুলের উপর, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকাকালীন রাহুলের সঙ্গে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বাকবিতণ্ডার ঘটনা আজও ক্রিকেটমহলের মনে রয়েছে। ওই ঘটনার পর দিল্লিতে এলেও অধিনায়কত্ব করেননি রাহুল। এবার কোচ সৌরভের হাত ধরে কামব্যাক হতে পারে ক্যাপ্টেন রাহুলের। যদিও সরকারিভাবে এই নিয়ে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে কিছু জানানো হয়নি।
শেয়ার
লিংক



