চাঁদের মতো বাঁকানো তটরেখা, ‘এশিয়া-সেরা’র মুকুট, গোয়ার এই সৈকত যেন যৌবনের ‘স্বর্গ’!

চোখের পাতার উপর জেগে রয়েছে ধোঁয়াটে শহর। ঘ্যানঘ্যানে অফিস আর ব্যাস্ত জীবনের জিলিপির প্যাঁচ। হাঁপিয়ে ওঠা নিত্যদিনের জীবন। আর এই ক্লান্তির জগৎ থেকে মুক্তি পেতে চাইলে কী করবেন? কী আবার! সমুদ্রের কাছে ফিরে যান। মনের সবটুকু বিষণ্ণতা শুষে নিতে পারে একমাত্র সমুদ্রই। কোথায় যাবেন? দক্ষিণ গোয়ার এক কোণে শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে এক রূপসী সৈকত। সম্প্রতি বিশ্ব পর্যটনের মানচিত্রে তা আলোচনার শীর্ষে। কেবল এশিয়া নয়, আন্তর্জাতিক তালিকায় বিশ্বের সেরা ২৫টি তটরেখার মধ্যে শীর্ষে রয়েছে এই নির্জন সৈকত। আজ্ঞে হ্যাঁ, দক্ষিণ গোয়ার বিখ্যাত পালোলেম তটরেখা এশিয়ার সেরা সমুদ্রসৈকত হিসেবে সম্প্রতি নজর কেড়েছে সবার।
কোথায় পাব ‘তারে’?
গোয়ার অন্যান্য সমুদ্রসৈকতের হইচই ও ভিড় থেকে বহুদূরে এর অবস্থান। আকাশ থেকে দেখলে মনে হবে, কে যেন এক টুকরো বাঁকা চাঁদ এনে বসিয়ে দিয়েছে সমুদ্রের পাড়ে। অর্ধচন্দ্রাকৃতি এই তটরেখার একপাশে নারকেল গাছের সবুজ শাড়ি, আর অন্যপাশে সুবিশাল নীলাভ জলরাশি। এখানে সমুদ্রের ঢেউ বেশ শান্ত। যারা সাঁতার কাটতে ভালোবাসেন কিংবা হালকা রোদ মেখে কাচের মতো স্বচ্ছ জলে সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গা যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক স্বর্গরাজ্য।

কী কী রয়েছে?
মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উপগ্রহ তথ্যেও ধরা পড়েছে এখানকার জলের অতুলনীয় স্বচ্ছতা ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ রং। শান্ত জলে কায়াকিং করার আনন্দ এখানে অনন্য। একটু দূরে মাঝ সমুদ্রে ভেসে বেড়ালে দেখা মিলতে পারে চঞ্চল ডলফিনের খেলা। শুধু সমুদ্রের ঢেউই নয়, সৈকতের পাশেই লুকিয়ে রয়েছে শান্ত ব্যাকওয়াটারের মায়াবী পরিবেশ। আধুনিক সুবিধা আর পরিবেশ সচেতনতার দারুণ মিশেলে এই সৈকত আজ পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটনের প্রতীক হয়ে উঠেছে।

মিস করবেন না
আন্তর্জাতিক পর্যটন বিশেষজ্ঞ এবং সাধারণ ভ্রমণকারীদের অগুনতি ভালোবাসায় এসেছে এই সাফল্য। এমনকী আন্তর্জাতিক ট্রাভেল পোর্টালের গ্লোবাল বিচ ইনডেক্স ২০২৬ মতে, পৃথিবীর সেরা ২৫টি সৈকতের মধ্যে একমাত্র এশীয় সৈকত হিসেবে জায়গা করে নিতে পেরেছে পালোলেম। সৈকতের পরিচ্ছন্নতা, যাতায়াতের সহজ ব্যবস্থা আর মনোরম আবহাওয়া এটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। কেবল পর্যটকের সংখ্যা নয়, স্থানীয় সংস্কৃতি ও পরিবেশকে বাঁচিয়ে রাখার সংকল্পই এই সৈকতকে বিশ্বের দরবারে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে তুলে ধরেছে। এক কাপ কফি হাতে সূর্যাস্ত দেখা কিংবা খোলা হাওয়ায় মনকে ছুটি দেওয়ার জন্য এই সৈকত এখন প্রতিটি ভ্রমণপিপাসুর তালিকার শীর্ষে।
শেয়ার
লিংক



