গম্ভীরের উলটো সুর শ্রেয়সের মুখে, ওয়ানডে সিরিজ জেতার পর ভারতের ড্রেসিংরুমে হলটা কী?

চতুর্থ ম্যাচে শোচনীয় হারের পর ব্যাটারদের কাঠগড়ায় তুলেছিলেন কোচ গৌতম গম্ভীর। তাঁর যুক্তি ছিল, নিউজিল্যান্ডের পরিবেশ অনেকটা দক্ষিণ আফ্রিকার মতো। সামনের বছর বিশ্বকাপে এমন পরিবেশেই খেলতে হবে ভারতকে। কিন্তু সিরিজের পঞ্চম ম্যাচ জিতে গম্ভীরের উলটো সুর শ্রেয়স আইয়ারের গলায়। ভারত অধিনায়কের মতে, কিউয়ি মুলুকের পরিবেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার তুলনা চলে না।
রবিবারও ভারতের ব্যাটিং বিপর্যয় এড়ানো যায়নি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্নও এড়ানো যায়নি। প্রশ্নের জবাবে শ্রেয়স বলেন, “আমার মনে হয়, উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কারণ বিশ্বকাপে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে, এখানকার পরিস্থিতি তার অনেকটাই কাছাকাছি।” কিন্তু পরক্ষণেই তাঁর বক্তব্যে শোনা যায় অন্য সুর। নিউজিল্যান্ড সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি কি না, সেই প্রশ্নের জবাবে শ্রেয়সের মন্তব্য, “আমরা এখন নিউজিল্যান্ডে খেলছি। তাই এখানকার পরিবেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার তুলনা করা সম্ভব নয়। ওখানকার আবহাওয়া সম্পূর্ণ আলাদা হবে। বিশেষ করে দুই দলের ব্যাটিংয়ের দিকে তাকালে বলতে হয়, আমরা ভালো খেলতে পারিনি। তবে আমাদের বোলারেরা ধারাবাহিক ভাবে ভালো বল করেছে। প্রতিপক্ষের বোলারেরাও ভালো পারফর্ম করেছে। এখানকার পিচ বোলারদের সাহায্য করেছে। তবে আমাদের কাছে সিরিজ জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য বিষয় নিয়ে এখন ভাবতে চাই না।”
উল্লেখ্য, চতুর্থ ম্যাচে হারের পর ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন গম্ভীর। বলেছিলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না। প্রথম ১০টা ওভার আমাদের সামলাতে হত। ম্যাট হেনরি ভালো জায়গায় বল করছিল। তার মোকাবিলা করা উচিত ছিল। ৯০-এর ঘরে অলআউট হয়ে গেলে সবসময়ই দুশ্চিন্তা হবেই। খুব বিশ্বকাপ কাছে। এমন পরিবেশই পাওয়া যাবে। আগের ম্যাচেও আমরা ৭ উইকেট হারিয়েছিলাম। তাই বিষয়টি অবশ্যই চিন্তার।”
বিদেশের মাঠে ব্যাটিংয়ের সমস্যার আরও একটি কারণ তুলে ধরেছেন শ্রেয়স। তাঁর মতে, দেশের বাইরে মাঝের পিচে অনুশীলনের সুযোগ না পাওয়ায় ব্যাটারদের সমস্যা হয়। শ্রেয়স বলছেন, “এখানে মাঝের পিচে ব্যাট করার সুযোগ মেলে না। ফলে বল কোন দিকে যাবে, তা আগে থেকে বোঝা কঠিন। বিদেশে সাধারণত ওপেন নেটে অনুশীলন করতে হয়। সব কিছুই বেশ বাঁধাধরা। ভারতেও আমরা ওপেন নেটে অনুশীলন করি। কিন্তু সেখানে বল মারার সময় বুঝতে পারি, বল কোন দিকে যেতে পারে। বিদেশে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
টানা ম্যাচ, যাতায়াত এবং অনুশীলনের ধকলও ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে বলে মনে করেন শ্রেয়স। উল্লেখ্য, শুভমান গিল টেস্ট শিবিরে যোগ দেওয়ায় শেষ দু’টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স। সেই প্রসঙ্গে তাঁর মন্তব্য, “অনেক দিন ধরেই নেতৃত্ব দিচ্ছি। কিন্তু ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করা বেশ কঠিন। ৫০ ওভার ধরে নানা বিষয় নিয়ে ভাবতে হয়। এতে ক্লান্তি আসে। প্রথম ম্যাচেই সেটা বুঝতে পেরেছিলাম। তবে আজ একটা সময় খেলা বেশ মন্থর হয়ে গিয়েছিল। একই ছন্দে এগোচ্ছিল বলে উত্তেজনাও কমে আসছিল। তবে এটাই খেলার ধরন। প্রতিদিনই নতুন কিছু শেখার থাকে।”
শেয়ার
লিংক



