সায়ন-মুকেশদের বোলিং বিক্রম, নিলামের আগে ঝড় পোড়েলের, মুস্তাক আলিতে টানা জয় বাংলার

প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কামব্যাক বাংলার। আগের ম্যাচে চণ্ডীগড়কে হারানোর পর এদিন ঝাড়খণ্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিল লক্ষ্মীরতন শুক্লার দল। সায়ন ঘোষ, মুকেশ কুমারদের বোলিং দাপট অব্যাহত। অন্যদিকে অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস অভিষেক পোড়েলের। দিল্লি ক্যাপিটালস থেকে বাদ পড়ার পর ঝোড়ো ইনিংসে যেন বার্তা দিয়ে রাখলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার।
এদিন মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরুটা খারাপ করেনি ঝাড়খণ্ড। তবে তাদের প্রথম ধাক্কাটা দেন সায়ন। পিতৃশোক সঙ্গে নিয়ে এই টুর্নামেন্টে খেলছেন বঙ্গ স্পিনার। আর প্রত্যেকদিন নিজেকে প্রমাণ করছেন। এদিন মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট পেলেন। অন্যদিকে বাংলা দলে সুযোগ পেয়ে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন ঋষভ চৌধুরী। তিনিও ২ উইকেট তোলেন। মুকেশ কুমারও ধারাবাহিক। তাঁরও শিকার ২ উইকেট। তবে চিন্তা থাকছে মহম্মদ শামিকে নিয়ে। সদ্য আইপিএলে দল বদলেছেন। তবে মুস্তাক আলিতে খুব একটা সাফল্য পাচ্ছেন না। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের ইনিংস মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায়।
লক্ষ্য ছোট। রান তোলা খুব একটা কঠিন নয়। তবে শুরুতেই আউট হয়ে যান করণ লাল। কিন্তু অভিষেকের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় বাংলা। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু মঙ্গলবার প্রকাশিত রিটেনশন তালিকায় তাঁকে ধরে রাখেনি দিল্লি। আগামী মাসে আইপিএলের নিলাম। তার আগে আগুনে ফর্মে বার্তা দিয়ে রাখলেন। যদিও মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি পেলেন না। ৩৪ বলে ৪৯ রান করে আউট হন। ব্যাট থেকে আসে ৪টে চার ও দু’টো ছক্কা। অন্যদিকে অধিনায়ক অভিমন্যু হাফসেঞ্চুরি করে বাংলাকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। ৬টা চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান। শেষমেশ বাংলা জেতে ৭ উইকেটে।



