0%

১৯৬২ সালে অরুণাচলের মানুষ ও সেনাবাহিনীকে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিল কংগ্রেস, অভিযোগ কিরেন রিজিজুর

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর: ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী এবং অরুণাচল প্রদেশের সাধারণ মানুষকে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার। শনিবার এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, ১৯৬২ সালের সেই অপমানের ঘটনা কখনও ভোলার নয়।

 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে রিজিজু লেখেন, “১৯৬২ সালের অপমান আমরা কখনও ভুলব না। কংগ্রেস ভারতীয় সশস্ত্র বাহিনী এবং অরুণাচল প্রদেশের মানুষকে নিজেদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল। এটি আমাদের কাছে একটি বড় শিক্ষা। কংগ্রেস আমাদের মানুষকে দরিদ্র এবং রাজ্যকে অনুন্নত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

 

এর আগেও কংগ্রেসকে নিশানা করে চারটি প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ১৯৬২ সালের যুদ্ধে পরাজয় ও অপমানের জন্য কংগ্রেস ক্ষমা চাইবে কি না, সেই প্রশ্ন তোলার পাশাপাশি স্বাধীনতার পর দীর্ঘদিন দেশকে দরিদ্র অবস্থায় রাখার কারণ জানতে চান তিনি।

 

এক্স-এ রিজিজু প্রশ্ন করেন, ১৯৬২ সালের যুদ্ধে চিনের দখলে চলে যাওয়া তাঁর গ্রামের ঘটনা নিয়ে কংগ্রেস কি ক্ষমা চাইবে? কেন কংগ্রেস ভারতকে একটি দরিদ্র রাষ্ট্র হিসেবে রেখে দিয়েছিল, সেই প্রশ্নও তোলেন তিনি।

 

এছাড়া ভারতকে কেন একসময় ‘সাপুড়েদের দেশ’ হিসেবে তুলে ধরা হয়েছিল এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে কেন ‘হিন্দু রেট অফ গ্রোথ’ বলে কটাক্ষ করা হয়েছিল, তারও ব্যাখ্যা দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

উল্লেখ্য, চিনে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

 

রাহুল গান্ধী এক্স-এ দাবি করেছিলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ওই উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতেন। তাঁর বক্তব্য ছিল, “কোনও আপস করা প্রধানমন্ত্রী কখনও এই টেবিলে বসতে পারেন না।”

 

রাহুল গান্ধীর এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়ে কংগ্রেসকে ১৯৬২ সালের যুদ্ধ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন করলেন

কিরেন রিজিজু।

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker