0%

আর নিষ্প্রাণ নয়, ব্যাটারদের ‘মৃত্যুফাঁদ’ তৈরি হচ্ছে হ্যাগলে ওভালে! জানালেন কিউরেটর 

শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট। বেসিন রিজার্ভ টেস্টের নিষ্ফলা পরিণতি দেখে ক্রিকেটমহলের জিজ্ঞাস‌্য, হ‌্যাগলে ওভালের বাইশ গজ কেমন হবে? বেসিন রিজার্ভের মতোই ভ্রমাত্মক? নাকি বাইশ গজে পেস-বাউন্স থাকবে কিছু? প্রথম টেস্টে সব মিলিয়ে উঠেছিল ১৩২৭ রান। অথচ উইকেট পড়েছিল মাত্র ২৪টি। এমন ব্যাটিং সহায়ক উইকেট শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছিলেন না অনেকেই। এবার ক্রাইস্টচার্চে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রাক্কালে জবাব দিলেন পিচ কিউরেটর জেডেন টোহিল।

তিন সপ্তাহ আগে এই মাঠেই ভারত ‘এ’ এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যে চার দিনের বেসরকারি টেস্ট হয়েছিল। সেই ম্যাচেও রানবন্যা দেখা গিয়েছিল। ১০৫২ রান ওঠার পাশাপাশি পড়েছিল মাত্র ২২টি উইকেট। তবে দ্বিতীয় টেস্টে তেমন ছবি দেখার সম্ভাবনা কম বলেই মনে করছেন টোহিল। তাঁর আশা, ব্যাটার ও বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। টোহিল বলেন, “আশা করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। ম্যাচের শুরুতে বোলারেরা কিছুটা সুবিধা পাবে। তবে সময় যত এগোবে, ব্যাটিংয়ের জন্য পিচ তত ভালো হয়ে উঠবে।”

তিন সপ্তাহ আগে ভারত ‘এ’ বনাম নিউজিল্যান্ড ‘এ’ ম্যাচের আগে পিচ তৈরির জন্য পর্যাপ্ত সময় ও অনুকূল পরিবেশ পাননি তাঁরা। সেই কারণেই ব্যাটারেরা বাড়তি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছেন টোহিল। তাঁর কথায়, “পিচ তৈরির সময় কয়েকটি পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। টি-টোয়েন্টি সিরিজের আগে পিচ তৈরির সময় প্রচণ্ড গরম পড়েছিল। তার পরে কয়েক দিন বৃষ্টি হয়। ফলে সমস্যা তৈরি হয়েছিল। এবার তেমন পরিস্থিতি হওয়ার কথা নয়।”

ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পরে পিচের চরিত্র নিয়ে যে কিছুটা চাপ তৈরি হয়েছিল, তা-ও স্বীকার করেছেন টোহিল। তবে এখন সেই চাপ অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। টোহিল বলেন, “কাজের ক্ষেত্রে চাপ থাকবেই। সেই চাপ সামলেই আমাদের দায়িত্ব পালন করতে হয়। আগের টেস্ট ড্র হওয়ায় চাপ কিছুটা বেড়েছিল ঠিকই। তবে এখন আর সেই চাপ নেই। আশা করছি, এবার ভালো একটি টেস্ট দেখতে পাব।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker