0%

প্রাপ্যর তুলনায় কম বকেয়া DA দেওয়ার অভিযোগ! বড় পদক্ষেপের পথে সরকারি কর্মী সংগঠনগুলি

SOBDIK NEWS: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী (State Government Employees) ও অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। গত ২৩ নভেম্বর রাত থেকে বহু অবসরপ্রাপ্ত কর্মচারীর অ্যাকাউন্টে বকেয়ার টাকা ঢুকতে শুরু করেছে। তবে অনেকের অভিযোগ, প্রাপ্যর তুলনায় অনেক কম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এই পরিস্থিতিতে ইন্দু মালহোত্রা কমিটির দ্বারস্থ হচ্ছে সরকারি কর্মী সংগঠনগুলি।

বকেয়া ডিএ নিয়ে ফের জটিলতা | (Dearness Allowance)

সরকারি কর্মী সংগঠনগুলির অভিযোগ, ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর অবধি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার যে হিসাব করেছিলেন, সরকারের দেওয়া টাকার সঙ্গে তার কোনও মিল পাওয়া যাচ্ছে না। ২০০৮ সাল থেকে ২০১১ সাল অবধি এরিয়ার শূন্য দেখানো হচ্ছে বলে অভিযোগ।

সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একটা বড় অংশের অভিযোগ, প্রাপ্য বকেয়ার তুলনায় অনেক কম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এই নিয়ে তাঁরা ইন্দু মালহোত্রা কমিটির দ্বারস্থ হতে চান। আগামী ১৪ ডিসেম্বর কর্মী সংগঠনগুলির মতামত জানতে সংশ্লিষ্ট কমিটি বৈঠকে বসছে।

আরও পড়ুনঃ সরকারির মতো বেসরকারি স্কুলের পড়ুয়ারাও পাবে বিনামূল্যে বই! বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর

রাজ্য সরকারি কর্মীদের দাবি, কারোর প্রাপ্য বকেয়া ৪ লক্ষ টাকা হলে, অ্যাকাউন্টে মাত্র আড়াই লক্ষ টাকা ঢুকেছে। টাকার পরিমাণ এতটা কম কেন সেই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা বা বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার।

কর্মী সংগঠনগুলির দাবি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, AICPI মেনে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ মেটাতে হবে। ২০১৯ সালের ডিসেম্বর মাস অবধি ১২৫ শতাংশ মহার্ঘ ভাতার ভিত্তিতে যে পার্থক্য তৈরি হয়েছিল, সেটা মেটানোর কথা থাকলেও রাজ্য সেই মাপকাঠি মানছে না বলে অভিযোগ।

এই বিষয়ে সিপিএম সমর্থিত সরকারি কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, তাঁরা অ্যাসেস করে দেখেছেন, কর্মরত ও অবসরপ্রাপ্ত- সব ক্ষেত্রেই ২০০৮ সাল থেকে ২০১১ সাল অবধি প্রাপ্য ডিএ শূন্য দেখানো হচ্ছে। অথচ সেই সময় মহার্ঘ ভাতা ছিল।

বিশ্বজিৎ বলেন, “বর্তমানে যারা সরকারে আছেন, সেই সময় কর্মীদের ডিএ দেওয়া হয়নি বলে প্রচুর চিৎকার-চেঁচামেচি করেছিলেন। আর এখন সেই সময়টা শূন্য দেখানো হচ্ছে। তার মানে বামফ্রন্ট জমানায় কি কোনও বকেয়া মহার্ঘ ভাতা ছিল না? তাঁরা এটাই প্রমাণ করতে চান তো?”

বকেয়া ডিএ সংক্রান্ত এই জটিলতা নিয়ে বঞ্চনা ও ক্ষোভের কথা মেনে নিয়েছেন বিজেপি মনোভাবাপন্ন সরকারি কর্মী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল। তিনি জানান, এই নিয়ে অনেক কর্মীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টি নিয়ে অর্থ দফতরের সঙ্গে কথা হয়েছে। তাঁরাও বকেয়া কম হওয়ার কথা বলছে বলে দাবি করেন তিনি। আগামী ১৪ ডিসেম্বর ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকে তাঁরাও বিষয়টি তুলে ধরবেন বলে জানান দেবাশিস।

সরকারি কর্মচারী পরিষদের সভাপতি আরও বলেন, “আমাদের প্রশ্ন হল, সরকারের হিসাব পদ্ধতিটি কী? সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ভোক্তা সূচক মূল্য মেনে করতে হবে। সেটা মেনে করলে প্রথম আড়াই বছরে অনেক ক্ষেত্রে বকেয়া এত কম বা শূন্য কেন হল?”

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলও। অনেকেই টাকা কম পাওয়ার অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি শিক্ষক-শিক্ষাকর্মী ও গ্রান্ট ইন এইড কর্মীদের বঞ্চনা নিয়ে তাঁর প্রশ্ন, “আমাদের বিষয়ে সরকার এতটা নির্বিকার কেন? আর কতদিন এভাবে ব্রাত্য করে রাখা হবে?”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker