প্রয়াত ডুরান ডুরান ব্যান্ডের গিটারিস্ট অ্যান্ডি টেলর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর

লস অ্যাঞ্জেলেস, ২৬ নভেম্বর : প্রয়াত হলেন জনপ্রিয় ইংরেজ পপ রক ব্যান্ড ডুরান ডুরানের গিটারিস্ট অ্যান্ডি টেলর। দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করার পর গত ২৩ নভেম্বর ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার ব্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের এই খবর জানানো হয়।
ব্যান্ডের তরফে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজের বাড়িতেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যান্ডি। তাঁর স্ত্রী এবং ব্যান্ডের সদস্যদের বক্তব্যও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ডুরান ডুরান।
অ্যান্ডির স্ত্রী ট্রেসি এক বিবৃতিতে বলেন, “বিশ্বের কাছে অ্যান্ডি ছিলেন একজন অসাধারণ গিটারবাদক। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন একজন অসাধারণ স্বামী, স্নেহশীল বাবা এবং গর্বিত দাদু। তিনি ছিলেন আমাদের পরিবারের শক্ত ভিত। সংগীত তাঁকে অসংখ্য অভিজ্ঞতা ও সাফল্য এনে দিলেও পরিবারের গুরুত্ব ছিল তাঁর কাছে সবার আগে। আমাদের সবাইকে একসঙ্গে দেখার চেয়ে বেশি আনন্দ আর কিছুতেই পেতেন না তিনি। সংগীত তাঁকে যত দূরেই নিয়ে যাক না কেন, তাঁর হৃদয় সবসময় বাড়িতেই ছিল।”
তিনি আরও বলেন, জীবনের শেষ কয়েকটি বছর অ্যান্ডি অত্যন্ত সাহস ও দৃঢ়তার সঙ্গে কাটিয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন এবং জীবনের প্রতি ভালোবাসা হারাননি। অসুস্থতার সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের অনুরাগীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সহমর্মিতা ও সমর্থন তাঁকে মানসিক শক্তি জুগিয়েছিল বলেও জানান ট্রেসি। অনুরাগীরা তাঁকে কতটা ভালোবাসতেন, অ্যান্ডি তা জানতেন এবং এই বিষয়টি পরিবারকে সান্ত্বনা দেয়।
ব্যান্ডের সদস্যরা এক বিবৃতিতে জানান, ডুরান ডুরানের পথচলার একেবারে শুরু থেকেই অ্যান্ডি তাঁদের সঙ্গে ছিলেন। উত্তর-পূর্ব ইংল্যান্ড থেকে গিটার হাতে বার্মিংহামে এসে তিনি ব্যান্ডের সংগীতে এক অনন্য উদ্দীপনা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করেছিলেন। তাঁর গিটারবাদনই ব্যান্ডের বহু গানকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছিল। তাঁর রসবোধ এবং স্পষ্টবাদী মনোভাব ব্যান্ডের সদস্যদের মাটির কাছাকাছি থাকতে সাহায্য করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ২০০০-এর দশকের গোড়ার দিকে ব্যান্ডের মূল পাঁচ সদস্যের পুনর্মিলনের সময় অ্যান্ডির সঙ্গে আবার সংগীত তৈরি করার অভিজ্ঞতা তাঁদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। মঞ্চে এবং স্টুডিওতে একসঙ্গে কাটানো সেই সময় তাঁরা চিরকাল মনে রাখবেন।
২০২২ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হয় ডুরান ডুরান। অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে অ্যান্ডি উপস্থিত থাকতে পারেননি। তবে সেদিন তাঁর পাঠানো বার্তা তাঁর সাহস এবং ব্যান্ডের সদস্যদের সঙ্গে তাঁর গভীর বন্ধনের কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছিল।
–আইএএনএস



