বাইন্যান্স থেকে উধাও ৫৬ হাজার কোটি! বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো লুটের নেপথ্যে কিমের দেশ?

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স (Binance Cyber Attack) থেকে উধাও হয়ে গিয়েছে ৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টো কারেন্সি। ভারতীয় অঙ্কে যা ৫৬ হাজার কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞদের দাবি, এই কেলেঙ্কারির নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়ার কোনও গোষ্ঠী।
জানা যাচ্ছে, মার্কিন গোয়েন্দারা এই লুটের তদন্তে নেমে পড়েছেন। জোরকদমে চলছে লুট হওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টাও। অন্যদিকে বাইন্যান্সের তরফেও জানানো হয়েছে, গতকালের হামলার পর থেকেই হৃত অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা।
বলে রাখা ভালো, ২০১৭ সালে স্থাপিত হয় বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। চাংপেং ঝাও নামের কানাডার এক ব্যবসায়ী এটি স্থাপন করেন। প্রাথমিক ভাবে চিন হলেও পরে জাপান, সেখান থেকে মাল্টায় স্থানান্তরিত হলেও এখন সংস্থার সদর দপ্তর কার্যতই নেই। সেই সংস্থারই ‘ভাঁড়ার’ থেকে এবার বিপুল পরিমাণ ক্রিপ্টো কারেন্সি উধাও হল।
কারা রয়েছে এর নেপথ্যে? বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার নাম বলছেন। চর্চায় হ্যাকিং গোষ্ঠী ট্রেডার ট্রেইটর। কিন্তু এখনও তাদের ভূমিকা নিয়ে নিশ্চিত প্রমাণ মেলেনি। তবে বহু বিশেষজ্ঞই জানিয়েছেন, যতটা পর্যবেক্ষণ করা গিয়েছে, তাতে ট্রেডার ট্রেইটরের যুক্ত থাকার সম্ভাবনাই বেশি। এদিকে গ্রাহকদের অর্থ সুরক্ষায় এবং ক্ষতিপূরণ হিসেবে বাইন্যান্স ৬.৩৪ বিলিয়ন ডলারের পুনরুদ্ধারে পরিকল্পনার পাশাপাশি তহবিল প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে।
শেয়ার
লিংক



