0%

অস্ট্রেলিয়া-বাংলাদেশের হারে এগোল ভারত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ চওড়া গিলদের?

কারও পৌষ মাস, কারও সর্বনাশ! চিরাচরিত প্রবাদ। তা যে কতটা খাঁটি, তা প্রমাণ হল শনিবার। কেপ টাউনে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা। তার প্রায় সাড়ে ৯ হাজার কিমি দূরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত বাংলাদেশ। এই দুই ফলাফল টিম ইন্ডিয়াকে ‘অক্সিজেন’ জোগাতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারবেন শুভমান গিলরা? অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ হেরে যাওয়ায় সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

সিরিজের তৃতীয় টেস্টে ১৭৬ রানে অজিদের হারিয়েছে প্রোটিয়ারা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এই নিয়ে চতুর্থবার টেস্ট হারলেন প্যাট কামিন্সরা। সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজও খোয়াতে হল অস্ট্রেলিয়াকে। এর ফলে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান থেকে তারা নেমে এল তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে হারের ফলে তাদের পয়েন্ট শতাংশ এমনিতেই কমেছিল। তৃতীয় টেস্টেও হারে ৭৫ শতাংশ থেকে কমে অজিদের পয়েন্ট ৬৯.২৩।

৭১.৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার মগডালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধেই দুই টেস্টের সিরিজ খেলতে হবে ভারতকে। এই অ্যাওয়ে সিরিজের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভাগ্য পুরোপুরি নির্ভরশীল। এই সিরিজের দু’টি ম্যাচ জিততে পারলে তারপর দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে জিততে পারলে ফাইনালে ওঠার সমূহ সুযোগ থাকবে ভারতের সামনে।

অন্যদিকে, বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ান দল। এর ফলে চতুর্থ স্থান থেকে বাংলাদেশ নেমে গিয়েছে পাঁচে। তাদের পয়েন্টের শতাংশ ৪৭.৬২। এই সুযোগে ৫১.৫২ পয়েন্ট নিয়ে তালিকায় অগ্রগমন হয়েছে ভারতের। এক ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছেন শুভমান গিলরা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার জয়ে অজিদের পয়েন্ট শতাংশ কমেছে ঠিকই। কিন্তু ভারতের থেকে ১৮ পয়েন্টে এগিয়ে অস্ট্রেলিয়া। এই ব্যবধান আরও কমবে বিপক্ষের ডেরায় গিয়ে নিউজিল্যান্ডকে হারাতে পারলে। তবে ফাইনাল খেলার রাস্তা এখনও বেশ কঠিন। আপাতত কিউয়িদের হারিয়ে দুই টেস্ট থেকেই পুরো পয়েন্ট তোলাটাই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker