0%

কোন মন্ত্রে সফল হবে বৈভব! কিশোর ব্যাটারকে ‘গুরুমন্ত্র’ দিলেন জয়সূর্য

সূর্যবংশীর ‘বৈভবে’ (Vaibhav Sooryavanshi) মুগ্ধ আসমুদ্রহিমাচল। মাত্র ১৫ বছর বয়সে তার পরিণতবোধে মুগ্ধ করেছে সবাইকে। তার প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি ক্রিকেটার সনথ জয়সূর্য (Sanath Jayasuriya)। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের মতে, বৈভবের উপর প্রত্যাশার বোঝা চাপানোর পরিবর্তে তাকে স্বাভাবিক খেলা খেলতে দেওয়া উচিত। 

ইন্ডিয়ান সফটবল ক্রিকেট লিগের দল মুম্বই রয়্যালস এবং মহারাষ্ট্র সুপার স্ট্রাইকার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন জয়সূর্য। সেখানেই তিনি জানান, বৈভবের এখনও অনেক পথ চলা বাকি। তবে বৈভবের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, “ওর এখনও অনেক পথ চলা বাকি। ওর জন্য সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। ওকে ওর স্বাভাবিক খেলাটা খেলতে দিন। নিজের কাজটা করতে দিন। তাহলে এটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো হবে।”

মহারাষ্ট্র সুপার স্ট্রাইকার্সের জার্সি উন্মোচনে জয়সূর্য। ছবি সংগৃহীত।

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে বৈভব। এই বাঁহাতি তারকার ব্যাটে আইপিএলে ঝড় উঠেছে। দেশের জার্সি গায়েও দ্যুতি ছড়িয়েছে সে। তার বয়স যখন ১৩, রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় কিনে হইচই ফেলে দিয়েছিল। তারপর বাকিটা ইতিহাস। তার আগ্রাসী ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। জয়সূর্যর মতে, বৈভবের স্বাভাবিক খেলার ধরনে হস্তক্ষেপ না করে তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হোক। কেবল বৈভব নন। অভিষেক শর্মাতেও মুগ্ধ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। “ওরা সবাই প্রতিভাবান। ওরা দারুণ খেলছে। ভারত অসাধারণ প্রতিভা পেয়েছে। ও এই মুহূর্তে অসাধারণ ব্যাটিং করছে।”

ডিসেম্বরে ভারত ঘরের মাঠে সাদা বলের সিরিজের শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই সিরিজে খেলার জন্য মুখিয়ে লঙ্কান ক্রিকেটাররা। তাঁদের আত্মবিশ্বাসও তুঙ্গে। জয়সূর্যর আশা, সিরিজে ভালো ফলের আশা করছেন তিনি। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে ৪৩০ রান তাড়া করে হারিয়েছে পবন রত্নায়েকে, আভিষ্কা ফার্নান্ডোরা। সেই কারণেই টিম ইন্ডিয়ার জন্যও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর শুরু ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ। তিন ম্যাচের সিরিজের বাকি দু’টি খেলা ১৬ ও ১৯ ডিসেম্বর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker