0%

বিরোধী আইজেনকোটের সঙ্গে হাত মেলাচ্ছেন নেতানিয়াহু! ইজরায়েলে বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ?

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সিতে ফের বসার স্বপ্ন কার্যত শেষ বেঞ্জামিন নেতানিয়াহুর। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য সে দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ  ইতিমধ্যেই ২৮ দিনের সময় দিয়েছেন তাঁর প্রধান প্রবল প্রতিপক্ষ গাদি আইজেনকোটকে। এই পরিস্থিতিতে ক্ষমতার বলয় থেকে সরে যেতে নারাজ নেতানিয়াহু। তাই এবার আইজেনকোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের বার্তা দিলেন তিনি।

সম্প্রতি ‘ইয়াশার পার্টি’র নেতা আইজেনকোট জানিয়েছিলেন, তাঁর নেতৃত্বে গঠিত সরকারে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’কে স্বাগত জানাবেন। তার একদিন পর, সোমবার নেতানিয়াহু সেই প্রস্তাবে সিলমোহর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, একটি বৃহত্তর সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তাই নয়, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, “আমি একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এটি এখন একান্ত প্রয়োজন। যদিও আইজেনকোট বা তাঁর দলের কোনও নেতা আনুষ্ঠানিক সমঝোতার বিষয়টি নিশ্চিত করেননি। তবে বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু-আইজেনকোট যদি সত্যিই হাত মেলান, তাহলে ইজরায়েলে বদলাতে চলেছে ক্ষমতার সমীকরণ।

ইজরায়েলের আইনসভা ‘কেনেসেট’-এ ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। সেখানে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। এদিকে আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। ফলে এই নির্বাচনে তারা ‘কিংমেকার’ হয়ে উঠে এসেছে। আরব দলগুলি জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুকে হটাতে তারা আইজেনকোটকে সমর্থন করবে। সহজ হিসাব বলছে, আগামী চার সপ্তাহের মধ্যে আরব দলগুলিকে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেলতে পারবেন আইজেনকোট।

কিন্তু রাজনীতির জটিল মারপ্যাঁচ রয়েছে ইজরায়েলে। সেদেশে আরব দলগুলির অস্তিত্ব থাকলেও কূটনৈতিক মহলে তারা ‘অচ্ছুত’। নেতানিয়াহু বা আইনজেনকোট কেউই ‘অচ্ছুত’ আরবদের সমর্থন নিতে আগ্রহী নন। যদিও তারা সমর্থন দেবে বলে জানিয়েছে এবং সেকারণেই আইজেনকোটকে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতিতে নেতানিয়াহুর জোট শরিকদের সঙ্গেও আলোচনা করছেন আইজেনকোট। সেরকম হলে আরবদের উপেক্ষা করে আবার নেতানিয়াহুর শরিকদের ভাঙিয়েই সরকার গড়ে ফেলতে পারেন তিনি। এই আবহে জোট সরকার গঠনের ইঙ্গিত দিলেন ইজরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker