স্কুলগুলিতে মিলবে না আর টানা ছুটি! বড় সিদ্ধান্তের পথে মধ্যশিক্ষা পর্ষদ

SOBDIK NEWS: স্কুলের ছুটির ঠেলায় পড়াশোনার লাটে ওঠার দায়! শিক্ষাবর্ষের নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা এবং পড়ুয়াদের নিয়মিত পড়াশোনার অভ্যাস বজায় রাখা নিয়ে এবার নতুন করে ভাবনাচিন্তা করছে মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলির ছুটির সূচিতে রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে দুর্গাপুজোর দীর্ঘ ছুটির উপর।
স্কুলের ছুটি নিয়ে ভাবনা চিন্তা করছে মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)
এ রাজ্যে দুর্গাপুজো মানেই স্কুলপড়ুয়াদের দীর্ঘ ছুটি। পুজোর আগে স্কুল বন্ধ হওয়ার পর ভাইফোঁটা পেরিয়ে তবেই ফের ক্লাস শুরু হয়। গরমের সময়ও একইভাবে বেশ কয়েক সপ্তাহের বিরতি মেলে। কিন্তু এই দীর্ঘ বিরতিই এখন পর্ষদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পর্ষদের ধারণা, নিয়মিত ক্লাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ কমতে পারে। এমনকি, আগে পড়ানো অধ্যায়গুলিও দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকায় স্মৃতি থেকে মুছে যাওয়ার আশঙ্কা থাকে।
ছুটি শেষ হওয়ার পরে ফের শ্রেণিকক্ষের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও অনেকের অসুবিধা হয়। তাই ছুটির দিনগুলি অন্যভাবে সাজানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই আবহে সরকারি ছুটির সংস্কৃতি নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের ছুটির প্রবণতা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি মন্তব্য করেন, “ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।” আগামী বছর থেকে সরকারি ছুটির তালিকা পুনর্বিন্যাসের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : বাস-ভেসেলের ঝক্কি শেষ! গঙ্গাসাগরে চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা, জানুন খরচ
শিক্ষকদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকলে পড়াশোনার স্বাভাবিক গতি ব্যাহত হওয়াই স্বাভাবিক। তাঁদের বক্তব্য, ছুটির পাশাপাশি নির্বাচনের সময় স্কুল বন্ধ থাকার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এক শিক্ষকের কথায়, “ছাত্রছাত্রীরা সাধারণত গরমে আর পুজোয় লম্বা ছুটি পায়। ছুটির বিষয়ে সমস্যা আছে ঠিকই। কিন্তু ভোটের সময়ও অনেকদিন স্কুল বন্ধ রাখতে হয়। যার ফলে শিক্ষাপ্রদানে ব্যাঘাত ঘটে। এই দিকটিও ভেবে দেখা উচিত।” অন্যদিকে, ছুটির সময়সীমা কমানোর বদলে তার বিন্যাস পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, “টানা ছুটি বন্ধ হওয়া একেবারেই সমর্থন যোগ্য নয়। মোট ছুটির সংখ্যা অপরিবর্তিত রেখেই সিদ্ধান্ত নেওয়া হোক। স্কুলগুলির উপরই ছেড়ে দেওয়া উচিত বিষয়টি।”
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু আবার সরকারি দপ্তর এবং বিদ্যালয়ের ছুটির মধ্যে সামঞ্জস্য রাখার দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, “যে কোনও স্কুলেই পুজো ও গরমের ছুটি মিলিয়ে মোট ছুটির সংখ্যা ৬৫। কিন্তু সরকারি ছুটির ক্যালেন্ডারে দেখা যাচ্ছে স্কুলে ছুটি ৬৫ হলেও অন্যান্য সরকারি দপ্তরের ক্ষেত্রে ছুটির সংখ্যা ৫২। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তা আগামী বছর থেকে ৪০-৪৫ দিন করা হতে পারে। সরকারি কর্মীদের জন্য যদি এই ছুটির সংখ্যা থাকে, তাহলে স্কুলের ক্ষেত্রেও তাই হোক। পড়ুয়াদের ছুটি নিয়ে আপত্তি নেই, তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি অন্যান্য সরকারি কর্মীদের সমগোত্রীয় হোক। যে প্রস্তাব আসছে সরকারি তরফে, তাকে অবশ্যই স্বাগত জানাই।”স্কুলের ছুটি কমানো হবে, নাকি মোট ছুটির দিন ঠিক রেখে সময়সূচি বদলানো হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। পর্ষদের ভাবনা বাস্তবায়িত হলে আগামী দিনে পুজোর ছুটির পরিচিত ছবিতে পরিবর্তন আসতে পারে।



