0%

‘১০ বছর পর আফসোস করবে’, কোহলির ‘সবচেয়ে বড় ভুল’ নিয়ে ভবিষ্যদ্বাণী কপিল দেবের

আজ থেকে ১০ বছর পর আফসোস করবেন বিরাট কোহলি! বক্তার নাম কপিল দেব। হঠাৎ কেন কোহলিকে নিয়ে এরকম ভবিষ্যদ্বাণী ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের? তার নেপথ্যে কোহলির একটি সিদ্ধান্ত। যাকে কপিল কার্যত ‘হটকারী’ বলে মনে করছেন। তাঁর মধ্যে রাগের মাথায় সেই সিদ্ধান্ত নিয়ে ‘সবচেয়ে বড় ভুল’ করেছেন কোহলি। কী সেই সিদ্ধান্ত? টেস্ট থেকে আচমকা অবসর নেওয়া।

২০২৫-র ১২ মে, পুরো ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে টেস্ট থেকে সরে দাঁড়ান কোহলি। ১২৩ ম্যাচে ৯২৩০ রান, ৩০টি সেঞ্চুরি। তবু কেন অবসর? তার আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থ হয়েছিলেন। আবার অনেকের মতে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদের জেরেই এই সিদ্ধান্ত। সে যাই হোক না কেন, কোহলির লাল বলের কেরিয়ারে ইতি হয়ে গিয়েছে।

এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন কপিল। তিনি বলেন, “আমার মতে, কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ওর কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছে। ১০ বছর পর এই সিদ্ধান্ত নিয়ে ও আক্ষেপ করবে। অবসর নেওয়া উচিত হয়নি। অনেক ক্রিকেটারের থেকে ওর ফিটনেস ভালো। এখনও ২৫ বছর বয়সি ক্রিকেটারদের ফিটনেসে হারিয়ে দিতে পারে।”

তাহলে কী করা উচিত ছিল? কিংবদন্তি ক্রিকেটারের সাফ কথা, “মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত ছিল। ও বহুবার বাদ পড়েছে। আবার দলে ফিরে এসে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। কোহলি রাগের মাথায় অবসর নিয়ে ঠিক করেনি।” টেস্ট অবসরের পর কোহলির লক্ষ্য আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ জেতা। সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মেও আছেন ‘কিং’। টেস্ট অবসরের পর থেকে ১৬ ম্যাচে চার সেঞ্চুরি ও ৬টা হাফসেঞ্চুরি করেছেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker