৫৮ লক্ষ টাকা ঋণ বকেয়া! নন্দীগ্রামে শেখ সুফিয়ানের জাহাজবাড়িতে ব্যাঙ্কের বড় পদক্ষেপ

SOBDIK NEWS: নন্দীগ্রামের রাজনীতিতে পরিচিত মুখ শেখ সুফিয়ান (Sheikh Sufiyan)। এবার তাঁর ব্যক্তিগত সম্পত্তি ঘিরে আর্থিক অনাদায়ের বিষয়টি সামনে এল। ঋণের টাকা ফেরত না মেলায় তাঁর জাহাজবাড়ির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক। মঙ্গলবার ব্যাঙ্কের প্রতিনিধিরা ওই বাড়িতে গিয়ে সম্পত্তির প্রতীকী দখল নেওয়ার বিজ্ঞপ্তি দিয়ে আসেন।
শেখ সুফিয়ানের (Sheikh Sufiyan) জাহাজবাড়িতে বড় পদক্ষেপ ব্যাঙ্কের
ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, সুফিয়ানের কাছে বকেয়া অর্থের পরিমাণ ৫৮ লক্ষ ১৬ হাজার ৭৪৩ টাকা। ঋণ পরিশোধের জন্য গত ১২ আগস্ট তাঁকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। ডিমান্ড নোটিস গ্রহণ করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়নি বলে ব্যাঙ্কের অভিযোগ। সেই কারণেই এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে জাহাজবাড়িতে প্রতীকী দখলের নোটিস ঝুলিয়ে দেওয়া হল।
কোন কোন খাতে ঋণ নেওয়া হয়েছিল, তা নিয়েও বিস্তারিত জানিয়েছেন ব্যাঙ্কের সিইও অ্যাপোলো আলি। তাঁর বক্তব্য, “শেখ সুফিয়ান দুটি লোন নিয়েছিলেন। একটি ছিল হাউস বিল্ডিং এবং অপরটি ছিল ট্রলার কেনার জন্য। তিনি ৫৮ লক্ষ টাকা শোধ করেননি। হাউস বিল্ডিংয়ের জন্য ২৫ লক্ষ টাকা এবং ট্রলার কেনার জন্য আরও ২৭ লক্ষ ৫০হাজার টাকা নিয়েছিলেন। ট্রলার লোনের কিছুটা শোধ করেছেন। তবে, দু’টি লোন বাবদ এখনও ব্যাঙ্কের পাওনা ৫৮ লক্ষ টাকা। দুটিতেই তিনি ডিফল্টার। নিয়ম মেনে প্রতীকী দখল করা হয়েছে। এরপরে আইন অনুযায়ী বাড়ির দখল নেওয়া হবে।”
আরও পড়ুন : পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে CBI স্ক্যানারে সুজিত বসু! বড় আবেদন মঞ্জুর করল আদালত
উল্লেখ্য, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে একাধিক ফৌজদারি মামলায় নাম জড়িয়েছিল শেখ সুফিয়ান-সহ কয়েকজন স্থানীয় নেতার। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন সুফিয়ান, সাহাবুদ্দিন এবং মিলন প্রধান। ওই সময়কার একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছিল।
পরবর্তী সময়ে নন্দীগ্রামের উপনির্বাচনের আগে পুলিশি তল্লাশির মুখে পড়ে সুফিয়ানের জাহাজবাড়ি। তাঁর খোঁজে সেখানে পৌঁছেছিলেন তদন্তকারীরা। একই সময়ে কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সাহাবুদ্দিনের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে তল্লাশির সময় নিজের বাড়িতে ছিলেন না সুফিয়ান। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি বাড়ির বাইরে রয়েছেন বলেও খবর। রাজনৈতিকভাবে স্পর্শকাতর নন্দীগ্রামে শেখ সুফিয়ানকে ঘিরে বিতর্ক নতুন নয়। তবে এবার রাজনৈতিক সংঘাতের বদলে ব্যাঙ্কের ঋণ আদায়ের প্রক্রিয়াই তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রতীকী দখলের পরবর্তী ধাপে ব্যাঙ্ক সত্যিই সম্পত্তির দখল নেয় কি না, নাকি তার আগেই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়, সেটাই এখন দেখার।



