পাকিস্তানকে টুকরো করতে চাইছেন শাহবাজ! ‘রক্তের বন্যা বইবে’, হুঁশিয়ারি বিলাওয়ালের

১৯৭১ সালে দু’টুকরো হয়ে গিয়েছিল পাকিস্তান। সৃষ্টি হয়েছিল এক নতুন দেশ- বাংলাদেশ। ফের কি আরেক বিভাজনের মুখে প্রতিবেশী দেশটি? তেমনই গুঞ্জন। তবে এবার যে বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে সেদেশে, তা একটু অন্য ধরনের। সুকৌশলে পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভেঙে ফেলতে চাইছে শাহবাজ সরকার। এমনই দাবি করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, এমন কিছু করতে গেলে করাচিতে রক্তের বন্যা বইবে।
এদিন পিপিপি চেয়ারম্যান দাবি করেন, পাক সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ সেদেশের গৃহমন্ত্রী মহসিন নাকভি প্রস্তাব করেছেন, সিন্ধু প্রদেশকে ভেঙে নতুন প্রদেশ গঠনের। জোর করে এমন করতে গেলে বিরাট বিপদ হবে বলে হুঁশিয়ারি বিলাওয়ালের (Bilawal Bhutto)। মনে রাখতে হবে, তিনি কিন্তু শাহবাজ সরকারের অংশ। আর সেই প্রশাসনের অংশ হয়েই তিনি ক্রমশ বেসুরো হয়ে উঠছেন।
এর আগে গত মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’-এ যোগ দিয়েছিলেন বিলাওয়াল। আর সেখানেই তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের রাজনৈতিক বন্দিদের শেষপর্যন্ত জেল থেকে মুক্তি দিতেই হবে। তাঁর প্রশ্ন, ”সব প্রধানমন্ত্রীকেই জেলে যেতে হয়। সবাই কি চোর নাকি? রাজনৈতিক বদলা নেওয়া আর কতদিন চলবে?” তিনি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকে যিনিও মসনদে বসেছেন, তাঁকেই যেতে হয়েছে জেলে। সেই সঙ্গেই তিনি ইমরান খানের দল পিটিআই-এর আস্থা অর্জন এবং দলটিকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিলাওয়াল স্বীকার করেন, পিটিআইও ভুল করেছে। কিন্তু দেশে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনা অপরিহার্য। এবার তিনি তুলে আনলেন সিন্ধু প্রদেশের বিভাজনের প্রসঙ্গ।
এদিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ”যদি সিন্ধ প্রদেশকে জোর করে আলাদা করে দেওয়া হয়, তাহলে করাচিতে রক্তের বন্যা বইবে। কেননা এর ফলে সমাজে বিভাজন সৃষ্টি হবে এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। আমি রক্তের বন্যা দেখতে চাই না।” তাঁর মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শেয়ার
লিংক



