0%

মিড ডে মিল সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তি! গুরুতর অভিযোগে সরব শিক্ষক সংগঠন

SOBDIK NEWS: বিগত কয়েক মাসে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যের স্কুলগুলিতে পিএম পোষণ প্রকল্প তথা মিড ডে মিল রান্নার জন্য নতুন কিচেন ডিভাইস কেনা হবে। এর জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে তালিকা তলব করেছে স্কুল শিক্ষা দফতর। এই নিয়েই সরব শিক্ষক মহল।

মিড ডে মিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি | (Mid Day Meal)

সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্যের ২৭,৭৪২টি স্কুলে মিড ডে মিল রান্নার জন্য নতুন কিচেন ডিভাইস কেনা হবে। এর জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলাভিত্তিক ও স্কুলভিত্তিক চাহিদাপত্র জমা করতে হবে। সরকারি সংস্থা ‘মঞ্জুষা’র মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই সরঞ্জামগুলি কেনা হবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষক মহল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বক্তব্য, কয়েকদিন আগেই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের সহযোগী অন্নামৃত ফাউন্ডেশনকে দেওয়া হবে। এই পরিস্থিতিতে কয়েক মাসের জন্য এত টাকা খরচ করে নতুন রান্নার সরঞ্জাম কেনার কী দরকার?

আরও পড়ুনঃ আইন মেনেই আসন পুনর্বিন্যাস! ভোট ঘোষণায় স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “কয়েকদিন আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সব পড়ুয়াদের মিড ডে মিলের দায়িত্ব ইসকনের সহযোগী অন্নামৃত ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হবে। তাহলে রান্নার সরঞ্জাম কিনতে হলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরাই তো কিনবে। মাত্র কয়েক মাসের জন্য এত টাকা খরচ করে এসবের কী দরকার? এগুলো তো সরকারি টাকার অপচয়। রাজ্যের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।“

মিড ডে মিলের কিচেন ডিভাইস সংক্রান্ত এই বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চও। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর গলাতেও শোনা গিয়েছে একই সুর।

গত ৭ নভেম্বর স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এবার থেকে রাজ্যের সব স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্বে থাকবে অন্নামৃত ফাউন্ডেশন। এরপর মিড ডে মিল রান্নার সরঞ্জাম কেনার জন্য জরুরি ভিত্তিতে তালিকা তলব করে দফতর। সেই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে নানা শিক্ষক সংগঠন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker