0%

ঠাকরের ছবি ছেঁড়া নিয়ে মহারাষ্ট্রে তীব্র রাজনৈতিক তরজা! শাইনার ক্ষমা প্রার্থনার পরও বিরোধীদের নিশানা শাসক শিবিরের

মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে অসাবধানতাবশত শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের (Bal Thackeray Photo)ছবি সংবলিত একটি কাগজ ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনীতি। এই ঘটনায় শিবসেনা (শিন্দে গোষ্ঠী) নেত্রী শাইনা এনসি-র বিরুদ্ধে বালাসাহেবকে অপমান করার অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) ও কংগ্রেস।

তবে শাইনা এনসি স্পষ্ট করেছেন যে তাঁর নিশানায় ছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার, বালাসাহেব নন; তবুও কারও ভাবাবেগে অনিচ্ছাকৃতভাবে আঘাত লেগে থাকলে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। অন্যদিকে, এই ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করে শাসক শিবির ও রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে পালঘরে সাধু হত্যার সময় যাদের রক্ত ফোটেনি এবং যারা সোনিয়া গান্ধীর সামনে মাথা নত করেছিলেন, আজ তারাই একটি ছেঁড়া কাগজ নিয়ে রাজনৈতিক সার্কাস শুরু করেছেন।

আরও দেখুনঃ ‘ধুরন্ধর’-এর অসুস্থ দাউদ নন, এখনও সক্রিয় ডন! করাচির আস্তানা নিয়ে বিস্ফোরক প্রাক্তন FBI কর্তা

ঘটনার সূত্রপাত বুধবার মুম্বইয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলন থেকে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) বইটিতে বীর সাভারকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে এই অভিযোগ তুলে প্রতিবাদের আয়োজন করেছিল একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা।

সেখানে শাইনা এনসি, সঞ্জয় নিরুপমসহ অন্যান্য নেতারা বইটির পাতা ছিঁড়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। (Bal Thackeray Photo)সেই সময় ২০০৪ সালের একটি পুরোনো ছবিও হাতে নেওয়া হয়, যেখানে বালাসাহেব ঠাকরে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের কুশপুতুলে চপ্পল মারছেন। কাগজ ছেঁড়ার সময় অসাবধানতাবশত ওই ছবির কাগজটিও ছিঁড়ে ফেলেন শাইনা। বিষয়টি নজরে আসতেই তিনি মুহূর্তের মধ্যে থমকে যান এবং দুঃখপ্রকাশ করে কাগজটি সরিয়ে রাখেন।

কিন্তু এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আসরে নামে বিরোধীরা। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত থেকে শুরু করে দলের কর্মীরা মুম্বাই ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে শাইনা এনসি-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি উদ্ধব শিবিরের কিছু নেতা শাইনাকে চড় মারার জন্য পুরস্কার ঘোষণা করে বিতর্ক আরও বাড়িয়ে তোলেন।

পরিস্থিতি সামাল দিতে শাইনা এনসি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বালাসাহেব ঠাকরে তাঁর কাছে পিতৃতুল্য এবং দেবতুল্য। তাঁর পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে শাইনা বলেন, তিনি কেবল সাভারকর-বিরোধী মন্তব্যকারী মণিশঙ্কর আইয়ারের ছবিই ছিঁড়তে চেয়েছিলেন, বালাসাহেবকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।

তা সত্ত্বেও প্রকৃত শিবসৈনিক বা বালাসাহেবের ভক্তদের মনে কোনো আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। শাইনার পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডেও সাফ জানিয়ে দিয়েছেন যে বালাসাহেব ঠাকরে তাঁদের কাছে দেবতার সমান এবং তাঁর কোনো অপমান কখনোই বরদাস্ত করা হবে না।

শিন্ডে নিজে ছবিটি খতিয়ে দেখে নিশ্চিত করেছেন যে ছবির যে অংশটি ছেঁড়া হয়েছে, সেটি মূলত মণিশঙ্কর আইয়ারের মুখ ছিল।(Bal Thackeray Photo) শাইনার স্পষ্টীকরণ এবং ক্ষমা প্রার্থনার পরও বিরোধীদের এই লাগাতার বিক্ষোভকে তীব্র কটাক্ষ করেছে শাসক শিবির ও সমালোচকরা। তাঁদের বক্তব্য, মহারাষ্ট্রের বিরোধী দল আজ হাসির খোরাকে পরিণত হয়েছে।

সমালোচকদের তীক্ষ্ণ প্রশ্ন, অতীতে পালঘরে যখন নিরীহ সাধুদের পিটিয়ে হত্যা করা হয়েছিল, তখন যে নেতাদের রক্ত গরম হয়নি এবং ক্ষমতার লোভে যাঁরা বালাসাহেবের আদর্শ জলাঞ্জলি দিয়ে সোনিয়া গান্ধীর সামনে মাথা নত করেছিলেন, আজ তাঁদের মুখে বালাসাহেবের সম্মানের কথা শোভা পায় না। একটি অনিচ্ছাকৃত ভুল এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও যেভাবে কাগজ ছেঁড়া নিয়ে রাজনৈতিক নাটক চালানো হচ্ছে, তা বিরোধীদের চরম দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছে রাজনৈতিক মহলের বড় একটি অংশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker