আজীবন কোচিংয়ে নিষেধাজ্ঞা! স্যান্ডপেপারগেট কাণ্ডে বিরাট শাস্তি ইংরেজ কোচকে

আট বছর আগের স্যান্ডপেপারগেট বিতর্ক নিয়ে প্রায় প্রত্যেক দিন নতুন নতুন খবর প্রকাশ্যে আসছে। শুক্রবারও নয়া মোড় নিল কুখ্যাত সেই বল বিকৃতির ঘটনা। কেবল অস্ট্রেলিয়া ক্রিকেট নয়, এবার তার আঁচ লাগল ইংল্যান্ড ক্রিকেটেও। এই বিতর্কে নাম জড়িয়েছে ইংল্যান্ডের প্রাক্তন বোলিং কোচ ডেভিড সাকেরের। যার জেরে বিরাট শাস্তির মুখে তিনি।
বুধবার, ১৮ নভেম্বর, ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ ক্যামেরন ব্যানক্রফটের ৪০০০ শব্দের বিস্ফোরক কলাম প্রকাশিত হয়েছে। সেখানে অভিযোগ করেছেন সাকেরের বিরুদ্ধে। এর ফলে প্রাক্তন কোচের জন্য দরজা বন্ধ করে দিয়েছে ইংল্যান্ড। স্যান্ডপেপারগেট কাণ্ডে জড়ানোর পর সাকেরকে ভবিষ্যতে কোনও ভূমিকাতেই ফেরানোর পরিকল্পনা নেই ইংল্যান্ডের। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের কোচিং প্যানেলে আপাতত ব্রাত্যই থাকছেন সাকের।
কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নিজের বিবরণে সাকেরের নাম উল্লেখ করেছেন ব্যানক্রফট। তাঁর অভিযোগ, ম্যাচ চলাকালীন স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করার পরামর্শ দিয়েছিলেন সাকের। তাতে বল থেকে রিভার্স সুইং আদায় করা সহজ হবে বলে মনে করেছিলেন তিনি। পোর্ট এলিজাবেথে আগের টেস্টেও এ বিষয়ে আলোচনার সময় প্রাক্তন কোচ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ব্যানক্রফট। নিজের কলামে ব্যানক্রফট লিখেছেন, ফিল্ডিংয়ের সময় তাঁর কাছে এসে স্যান্ডপেপার দিয়ে বলের আকার পরিবর্তন করার কথা বলেছিলেন ওই কোচ। তাঁর কথায়, “সেই কোচ ছিলেন ডেভিড সাকের। ঘটনাটি সত্যি।”
কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নিজের বিবরণে সাকেরের নাম উল্লেখ করেছেন ব্যানক্রফট। তাঁর অভিযোগ, ম্যাচ চলাকালীন স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করার পরামর্শ দিয়েছিলেন সাকের।
কেবল তা-ই নয়, ঘটনার পর সাংবাদিক সম্মেলনে স্যান্ডপেপার ব্যবহারের কথা গোপন রাখার পরামর্শও সাকের দিয়েছিলেন বলে অভিযোগ করেন ব্যানক্রফট। জানিয়েছেন, তাঁকে তো বটেই, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথকেও এ কথা বলেছিলেন সাকের। যদিও এ হেন অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি প্রাক্তন কোচ। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুককে। তবে মন্তব্য করতে চাননি তিনি। ব্রুকের ব্যাখ্যা, সেই সময় তিনি অস্ট্রেলিয়ার সাজঘরে ছিলেন না। কী ঘটেছিল, সে সম্পর্কেও তাঁর কোনও ধারণা নেই।
কেবল তা-ই নয়, ঘটনার পর সাংবাদিক সম্মেলনে স্যান্ডপেপার ব্যবহারের কথা গোপন রাখার পরামর্শও সাকের দিয়েছিলেন বলে অভিযোগ করেন ব্যানক্রফট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২ নভেম্বর পারথে প্রথম ওয়ানডের আগেও বল বিকৃতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ব্রুক। তিনি বলেছিলেন, “আগে কখনও বল বিকৃতি দেখিনি। আমি তখন অস্ট্রেলিয়ার সাজঘরে ছিলাম না। আমার বয়স তখন ১৭ কিংবা ১৮ বছর। তাই এই সমস্ত ঘটনা সম্পর্কে আমি সম্পূর্ণ অন্ধকারে ছিলাম।” পাশাপাশি তিনি জানান, এই বিতর্ক সরিয়ে রেখে সিরিজের দিকেই মন দিতে চায় ইংল্যান্ড।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ ছিলেন সাকের। তার পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত একই দায়িত্ব সামলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। ২০২৩ সালে আবার ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচিং ব্যবস্থায় ফেরেন তিনি। ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজেও স্পেশাল স্কিলস কনসালটেন্ট হিসাবে তাঁকে নিয়ে আসা হয়েছিল। এবার তাঁকেই ভবিষ্যতের কোনও ভূমিকাতেই ফেরানো হবে না বলে সাফ জানিয়ে দিল ইংল্যান্ড।
উল্লেখ্য, গত সপ্তাহে উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর এক সাংবাদিক সম্মেলনে ৮ বছর আগের বল বিকৃতি নিয়ে মুখ খুলেছিলেন কামিন্স। জানিয়েছিলেন, বল বিকৃত করার পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এরপর খোয়াজার মতোই স্যান্ডপেওয়ার গেট নিয়ে বিস্ফোরক কলাম লেখেন ব্যানক্রফট। যার জেরে বিতর্ক অন্য মাত্রা পেয়েছে। এমনকী যার আঁচ এখন ইংল্যান্ড ক্রিকেটেও। বিরাট ‘শাস্তি’ পেতে হল প্রাক্তন কোচকেও।
শেয়ার
লিংক



