0%

কোচ-রোনাল্ডো দ্বন্দ্বে ড্রেসিংরুমে হতাশা! সিআর৭-কে ফিরে আসার আহ্বান সতীর্থের 

কোচ জর্জে জেসুসের সঙ্গে বিবাদের জেরে জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে তাঁকে খেলানো না হওয়ায় তৈরি হয়েছিল বিতর্ক। তার পর থেকে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। নেশনস লিগ চলাকালীন জাতীয় শিবির ছাড়ার ঘটনায় রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে পর্তুগালের ফুটবল ফেডারেশন। সাসপেন্ডও করা হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে পর্তুগালের ড্রেসিংরুমের আবহ কেমন? মুখ খুললেন দলের মিডফিল্ডার ভিটিনহা।

জেসুস ও রোনাল্ডোর সংঘাত মিটবে কি না, তা কেউ জানেন না। রোনাল্ডো জানিয়েছেন, জেসুস কোচের পদে থাকলে দেশের জার্সিতে মাঠে নামতে চান না তিনি। কিন্তু পর্তুগালের অন্য ফুটবলারেরা এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না। তাঁদের মতে, রোনাল্ডোকে ছাড়া জাতীয় দল যেন অসম্পূর্ণ। পিএসজির মিডফিল্ডার ভিটিনহাও চান, দ্রুত মিটে যাক যাবতীয় সমস্যা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আন্তর্জাতিক সূচির সেই সময়টা আমাদের কাছে বেশ অস্থির এবং আবেগে ভরা ছিল। আশা করছি, সব সমস্যার সমাধান হবে। রোনাল্ডো আবার দলে ফিরবে, পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।”

রোনাল্ডোকে নিয়ে দলের মনোভাব স্পষ্ট করে ভিটিনহা আরও বলেন, “সত্যি বলতে, দলের প্রত্যেকেই ওর প্রত্যাবর্তন চায়। আমরা চাই, সব বিতর্কের অবসান ঘটুক।” তবে এই অশান্তির নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি রোনাল্ডোর সতীর্থ। আপাতত তাঁর আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং দলের স্বাভাবিক ছন্দ ফিরে আসবে। গত শনিবার একটি বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি জাতীয় দলের জার্সি গায়ে খেলতে পারবেন না। এক থেকে ছ’মাস পর্যন্ত নির্বাসিত হওয়ার আশঙ্কাও রয়েছে তাঁর।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত কোচ জেসুসের সিদ্ধান্ত ঘিরে। ওয়েলসের বিরুদ্ধে ৬৭ মিনিটে রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। নরওয়ের বিরুদ্ধে আবার পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয় তাঁকে। এমনকী তাঁকে গা গরম করিয়েও মাঠে নামাননি কোচ। এরপর নেশনস লিগ চলাকালীন ডেনমার্ক ম্যাচের আগে আচমকাই জাতীয় দলের শিবির ছেড়ে দেন রোনাল্ডো। পরে এক্স-এ তিনি লেখেন, ‘জাতীয় দলের কোচের সাংবাদিক সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল সংস্থার সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে আলোচনার পরেই শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দলের হয়ে আমি সব সময় নিজের সেরাটা দিয়েছি। কেন দল ছাড়লাম, খুব তাড়াতাড়িই দেশের মানুষের সামনে পুরো বিষয়টি জানাব। আপাতত সতীর্থদের জন্য রইল শুভেচ্ছা।’ কোচের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন রোনাল্ডো। তবে ফেডারেশনের দেওয়া শাস্তি মেনে নিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। ফলে জেসুসের সঙ্গে তাঁর সংঘাত কোন দিকে গড়ায়, এখন সে দিকেই নজর ফুটবল মহলের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker