ভারতের ম্যাচকেই অগ্রাধিকার, আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের

তিন বছর পর ফের দেশের মাটিতে হতে চলেছে আইপিএলের নিলাম। ডিসেম্বরের মিনি নিলামের জন্য গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে আছে রিটেনশন পর্ব। অর্থাৎ, কোন দল কাদের ধরে রাখবে, সেটা জানিয়ে দিতে হবে। আর সেটা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। ভারতের ম্যাচ অগ্রাধিকার দিয়ে দিনবদল করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম হবে। তার আগের দিন, অর্থাৎ ১৫ ডিসেম্বর নিলামের ব্রিফিং অনুষ্ঠিত হবে। তার একমাস আগে অর্থাৎ ১৫ নভেম্বর আইপিএলে রিটেনশনের ডেডলাইন (IPL Retention Deadline) তারিখ বলে জানানো হয়েছিল। তবে এবার বিসিসিআই জানিয়েছে, রিটেনশন ডেডলাইন দু’দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ ১৭ নভেম্বরের মধ্যে সব দলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।
কেন এই সিদ্ধান্ত? কারণ ওই একই দিনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ। সেটা অবশ্য নিউজিল্যান্ডেই হবে। তবে যেহেতু ভারতের ম্যাচই অগ্রাধিকার, তাই এই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, নিলামের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বরেও ভারতের ম্যাচ আছে। সেদিন বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ভারত। আর নিলাম হবে গোয়ায়। তবে এখনও পর্যন্ত সেই দিন বদল হবে কি না, সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
সোমবার থেকেই প্লেয়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর সেটা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের প্লেয়ারদের নাম জানাতে হবে। তার দু’দিন পর অর্থাৎ ৩ ডিসেম্বর সেই নাম প্রকাশিত হবে। সাধারণত, একটা মরশুম শেষ হওয়ার একমাস পর থেকে ট্রেড উইন্ডো শুরু হয়। যা নিলামের একসপ্তাহ আগে পর্যন্ত চলে। তবে এখনও ২০২৭-র আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে এবার মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু হতে পারে।
শেয়ার
লিংক



