0%

সরকারি প্রকল্পের টাকা পেতে লাগতে পারে ভোটার কার্ড! বড় ইঙ্গিত মন্ত্রীর

SOBDIK NEWS: বিভিন্ন সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা পেতে গেলে আধার কার্ড দরকার হয়। অনেক প্রকল্পের টাকা সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে এবার সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ডের বদলে ভোটার কার্ডের (Voter Card) উপর জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং।

সরকারি প্রকল্পের টাকা পেতে বাড়ছে ভোটার কার্ডের গুরুত্ব! | (Government Scheme)

সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজীব রঞ্জন। সেখানে তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় সব জায়গায় আধার কার্ড তৈরির ব্যবস্থা আছে। ফলে খুব সহজেই এই নথি বানানো সম্ভব। এই কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে অন্য ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, এবার থেকে সরকারি প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার কার্ডের এপিক নম্বর ও বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। অর্থাৎ কোনও উপভোক্তার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ভোটার কার্ডের এপিক নম্বরের পাশাপাশি বায়োমেট্রিক তথ্যও কাজে লাগানোর পরিকল্পনা করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ বাড়ি বসেই পেতে পারেন আয়ুষ্মান কার্ড! ডাউনলোড করার সহজ উপায় জানুন

এদিকে বর্তমানে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়। সেই তালিকায় পিএম কিষাণ যোজনা, ভিবি জি রাম জি সহ একাধিক প্রকল্পের নাম রয়েছে। রাজীব রঞ্জনের বক্তব্যের পর অনেকেরই প্রশ্ন, এবার কি তাহলে এই প্রকল্পগুলিতে টাকা পাওয়ার নিয়ম বদলাতে চলেছে?

যদিও কোন কোন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ডের বদলে ভোটার কার্ডের এপিক নম্বর ও বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী। নতুন ব্যবস্থা কবে থেকে কার্যকর হতে পারে সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে এতদিন আধার কার্ডের গুরুত্ব ছিল অপরিসীম। তবে এবার সেই নথির প্রয়োজনীয়তা কমিয়ে ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা কবে হয় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker